Home » বীরভূমে ঘুমন্ত হাতি দেখতে গ্রামবাসীদের ভীড়, প্রশ্ন উঠল বনকর্মীদের ভূমিকা নিয়ে

বীরভূমে ঘুমন্ত হাতি দেখতে গ্রামবাসীদের ভীড়, প্রশ্ন উঠল বনকর্মীদের ভূমিকা নিয়ে

জয়ন্ত দাস ,বীরভূম, সময় কলকাতাঃ  সামনে তিল ধারনের জায়গা নেই । প্রকান্ড মাঠে থিক থিক করছে মানুষের ভীড়। আর সেই ভীড় সামাল দিতে রীতিমতন হিমসিম খাওয়ার জোগাড় বনকর্মীদের।  ভীড়ের প্রকৃত কারণ কি? একটু ভীড় ঠেলে সামনে যেতেই বোঝা গেল এই ভীড়ের আসল কারন কি। একটি নয় একেবারে দু-দুটি হাতি সেগুলিকে দেখতে রীতিমতন ভীড় জমিয়েছেন আশেপাশের এলাকার বাসিন্দারা।

প্রশ্ন উঠেছিল খোলা মাঠে হাতির চারপাশে এত মানুষের ভীড় কেন ? পরে জানা গেল হাতি দুটিকে ঘুম পাড়ানির ইনজেকশন দেওয়া হয়েছে তাতে প্রায় তন্দ্রাছন্ন হয়ে পড়ে আছে হাতি দুটি। তবুও হাতির চারপাশের মানুষকে দেখে প্রশ্ন উঠছে বনকর্মীদের ভূমিকা নিয়ে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পাড়ুইয়ের শাকবাড়ি এলাকায়। সূত্র মারফত জানা গেছে হাতিদুটিকে উদ্ধার করে আপাতত বাঁকুড়ার জঙ্গলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।

উল্লেখ্য চলতি বছরে ফেব্রূয়ারী মাসেই শান্তিনিকেতনের মোলডাঙ্গা বল্লভপুর এলাকায় একটি দাঁতাল ঢুকে পড়ায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায় । এবার দুমাস পার হতে না হতেই ফের গত শনিবার একটি দলছুট হাতি পাড়ুই থানার অন্তর্গত অবিনাশপুরে ঢুকে পড়লে প্রবল চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পরে অবশ্য হাতিটিকে উদ্ধার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। তবে হাতিটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের । এমন কি এই ঘটনায় এক বনকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যায় । মৃতের নাম খোকন প্রসাদ। বাড়ি সাঁইথিয়ার ১৫ নম্বর ওয়ার্ডের নেতাজিপল্লী এলাকায়। সেই রেস কাটতে না কাটতেই ফের সোমবার হাতির হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাড়ুইয়ে। সূত্র মারফত জানা গিয়েছে হাতি দুটি এলাকায় তেমন ক্ষয়ক্ষতি করেনি । তবে বার বার লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের বিভিন্ন এলাকায়।

লোকালয়ে হাতির হানা এ কোনো নতুন ঘটনা নয় । কিন্তু এর ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। হাতির হানায় খেতের ধান চলে যায় হাতির পেটে তাছাড়াও বিভিন্ন শষ্যের ক্ষতি সাধন হয় এলাকায় । তাই হাতিদের তান্ডব থেকে বাঁচতে মারমুখি হয়ে ওঠে জনতা। হাতির হানায় অনেক সময়  প্রাণ খোয়া যায় সাধারন মানুষের । এর অবশ্য অন্য একটা দিকও রয়েছে, মানুষ নিজের প্রয়োজনে নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করেই চলেছে । যার ফলে নিরাশ্রয় হাতিরা লোকালয়ে বেরিয়ে চলে আসছে খাবারের সন্ধানে। এমনটাই মনে করেন বনকর্মীদের একাংশ।

About Post Author