Home » অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া ‘আখা তিজ’ নামেও পরিচিত

অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া ‘আখা তিজ’ নামেও পরিচিত

সময় কলকাতা ডেস্কঃমঙ্গলবার শুভ অক্ষয় তৃতীয়া। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার।সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীরা মা ভবতারিণীর দর্শনে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে।হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকের দিনে ব্যবসায়ীরা তাদের ব্যবসার খাতা পুজো করেন।মূলত সেই কারণেই এদিন দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য,গত দুবছর করোনা আবহের বিধি নিষেধ থাকায় কিছুটা ভাটা পড়েছিল এই রীতিতে।তবে এবার করোনার প্রকোপ কিছুটা কম থাকায় চেনা ছন্দে ফিরেছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল থেকেই সেখানে শুরু হয়েছে  হালখাতা পুজো।ভক্তদের মধ্যে অধিকাংশই এসেছেন অক্ষয় তৃতীয়ায় নতুন খাতার পুজো করাতে।

 

একদিকে যখন পবিত্র ঈদের খুশিতে মেতে উঠেছে সংখ্যালঘু মানুষজন, অন্যদিকে একই দিনে বাঙালির অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে খাতা পুজো করাতে দক্ষিণেশ্বর মন্দিরে পড়েছে লম্বা লাইন।

অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয় হয় না।পঞ্জিকা অনুযায়ী,প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় অক্ষয় তৃতীয়া।হিন্দু ধর্ম অনুযায়ী,অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ করলে দীর্ঘদিন ভালো ফল পাওয়া যায়।দোকানে দোকানে এদিন লক্ষ্মী-গণেশের পুজো করা হয়।অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া ‘আখা তিজ’ নামেও পরিচিত।হিন্দু সম্প্রদায় ছাড়াও জৈনরাও এই দিনটি পালন করেন। এদিন বাড়িতে লক্ষ্মী-গণেশের আরাধনা করলে আর্থিক সমৃদ্ধি ঘটে বলেই মনে করা হয়।

About Post Author