সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। শুক্রবার মধ্যরাত থেকে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। সুতরাং কলকাতায় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একটি সিলিন্ডার পিছু গুনতে হবে এখন থেকে ১০২৬ টাকা।মার্চের পরে আবার মে মাসে দাম বৃদ্ধি। গত ১ মার্চ রান্নার গ্যাসের সিলিন্ডারের ৫০ টাকা দাম বেড়ে হয়েছিল ৯৭৬ টাকা।এপ্রিলে কোনও দাম বাড়েনি। রাজ্যের মানুষের এমনিতেই অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বেলাগাম মূল্যবৃদ্ধির ফলে কালঘাম ছুটছে প্রতিদিনের জীবন যাপনে। তার ওপর অতি দরকারি ওষুধ পত্রের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় গ্যাস কেনার জন্য হাজার টাকার বেশি পকেট থেকে বার করতে বহু মানুষেরই নাভিশ্বাস উঠবে। বিশেষত তাতে সরকারি ভর্তুকি যেহেতু বহু জায়গায় নামমাত্র বা কার্যত শূন্যে ঠেকেছে।

হোটেল ও রেস্তরাঁ গুলিতে বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজির) দাম অবশ্য এই দফায় ৯.৫০ টাকা কমে কলকাতায় ২৪৪৫ টাকা হয়েছে। এপ্রিল মাসের প্রথমেই সেই বাণিজ্যিক গ্যাসের দাম ১০০ টাকারও বেশি বেড়েছিল। আপাতত পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত। ২২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের তেল বিপণন সংস্থাগুলি ১৪ বার বাম বৃদ্ধি করেছিল। সেই সময় বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই জ্বালানির দাম বৃদ্ধি।ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১০০ ডলারের উপরে বেশ কিছু দিন ধরেই। প্রায় চার মাস স্থির থাকার পরে পাঁচ রাজ্যে ভোট মেটার পরে ২২ মার্চ থেকে লাগাতার কিছু দিন দাম বাড়ে পেট্রল-ডিজ়েলের। তারপর থেকে দাম অপরিবর্তিত রয়েছে।
তবে ২২ মার্চ যখন গ্যাসের দাম এক লাফে ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল । তখন থেকেই হাজার পেরিয়ে যাওয়ার অপেক্ষায় আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছিল । সেই আশঙ্কাই সত্যি হল শুক্রবার।
এমনিতেই করোনাকালে ও টানা দীর্ঘ লকডাউনে রুজি-রোজগারে ধাক্কা খেয়েছে দেশবাসীর একটা বড় অংশ। করোনার চিকিৎসার পিছনে জলের মতো টাকা বেরিয়েছে অনেকের।ফলে সংসার চালাতেই কালঘাম ছুটছে তাদের। তেলে শুল্ক কমানো এবং গ্যাসে ভর্তুকি বাড়ানোর দাবি জোরাল হলেও তাতে কান দেওয়ার কোনও লক্ষণ নেই। কেন্দ্র ও বিরোধী রাজ্যগুলি একে অন্যের কোর্টে দায় ঠেলতে ব্যস্ত।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?