Home » সপ্তাহের শেষ দিন পরিবারের সদস্যদের চমক দিতে ভেটকির এই পদটি পাতে রাখুন!

সপ্তাহের শেষ দিন পরিবারের সদস্যদের চমক দিতে ভেটকির এই পদটি পাতে রাখুন!

সময় কলকাতা ডেস্কঃমাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়।কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই ভেটকি জয় করেছে বাঙালির মন।বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে।তার স্বাদ চেটেপুটে নিতে হরিয়ালি ভেটকির কিন্তু জুড়ি মেলা ভার।তাই রেস্টুরেন্টে আর না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি।সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন হরিয়ালি ভেটকি।আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।


উপকরণ:
ভেটকির মাছের ফিলে ৪-৬ টা
ধনেপাতা ২০০ গ্রাম
পুদিনাপাতা ৫০ গ্রাম
কাঁচা লঙ্কা ৫-৬ টা
রসুন বাটা ১ টেবিল চামচ
টমেটো ১ টা
লেবুর রস ২ টেবিল চামচ
গোলমরিচ ১ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম ১ টেবিল চামচ
মাখন ৩-৪ টেবিল চামচ
নুন ও চিনি স্বাদমতো


কিভাবে রান্না করবেন:-
প্রথমে ভেটকির ফিলেগুলিতে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে মাখিয়ে ঘণ্টা দুয়েক মতো ফ্রিজে রেখে দিন।এরপরে কড়াইতে মাখন গরম করে মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।এবার মিক্সিতে কাঁচালঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো একসঙ্গে মিশিয়ে ভাল করে একটি পেস্ট বানিয়ে নিন।মাছ ভেজে রাখার কড়াইতে আর একটু মাখন দিয়ে তাতে রসুন বাটা দিয়ে দিন।রসুন হালকা লাল হয়ে এলে বেটে রাখা মিশ্রণটি কড়াইতে দিয়ে দিন।এবার ভাল করে মশলা কষাতে থাকুন।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প করে জল দিয়ে দিন।স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দিয়ে ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছের ফিলেগুলি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঢেকে দিন।তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে এক চামচ মাখন আর ভাল করে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম দিয়ে দিন।ঝোল মাখোমাখো হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা হরিয়ালি ভেটকি।

About Post Author