সময় কলকাতা ডেস্কঃ শান্তিনিকেতনের কোপাই নদীর পাড়ে হোক বা বোলপুরের গিত গ্রাম, বীরভূম জেলাজুড়ে বেআইনিভাবে কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে বলে অভিযোগ। অভিযোগ, অধিকাংশ জায়গায় বনদপ্তরের কাছে অনুমতি না নিয়েই একের পর এক গাছ কেটে তা টুকরো টুকরো করে গাড়িতে চাপিয়ে পাচার করছে মোটা টাকার বিনিময়ে পাচারকারীরা এমনটাই অভিযোগ।
বোলপুরের গিত গ্রামের কাছে রাস্তার দু পাশে জেলা পরিষদের জায়গায় বেশকিছুদিন ধরেই গাছ কাটার কাজ চলছে বেআইনিভাবে। বনদপ্তর সূত্রে খবর,কোন অনুমতি না নিয়েই চলছে এমন কার্যকলাপ। রাস্তার পাশেই তাঁবু খাটিয়ে রয়েছে গাছ কাটার লোকজন। তারা কখনো রাতের অন্ধকারে আবার কখনো ভোরের আলো ফুটতেই গাছ কাটার কাজ শুরু করে দিচ্ছে বলে অভিযোগ। বড়ো বড়ো গাছ কেটে টুকরো টুকরো করে কেটে সেইগুলি গাড়িতে চাপিয়ে পাচার করছে মাফিয়ারা মোটা টাকার বিনিময়ে। বন দফতর সূত্রে খবর এই বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ গাছগুলি কাটার জন্য অনুমতি নেয়নি গাছ পাচারকারীরা।
এ বিষয়ে বোলপুরের রেঞ্জ অফিসার প্রভাস হালদার জানান রাতের বেলা আমাদের কাছে একটা খবর আসে যে রাস্তার পাশে এই গিত গ্রামে বিনা অনুমতিতে কিছু গাছ কাটা হচ্ছে, এবং সেই মতো আমরা আজকে এখানে এসে কিছু কাটা গাছের গুঁড়িও দেখতে পাই। কাঠ মাফিয়া বাড়ছে কিনা সেটা কথা নয় কথা হলো কিছু কিছু জায়গা আমাদের নন ফরেস্ট এরিয়ায় আমাদের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছে। এইধরণের খবর পেলে আমরা সেই জায়গায় পৌঁছই এবং সেই গাছ কাটা বন্ধ করার চেষ্টা করি। যদিও আমরা আজ সকালে এসে কাউকে দেখতে পাইনি।
কিন্তু স্থানীয়দের তরফ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বনদপ্তরের অনুমতি নেই না তারা সব জেনেও ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে? নাকি সর্ষের মধ্যেই ভূত? না হলে রাস্তার পাশেই তাঁবু খাটিয়ে দিনের পর দিন চোরা কারবারীরা রাস্তার ধারের গাছ কেটে সাফা করে দিচ্ছে অথচ তাদের কাছে কোন খবর থাকে না?


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান