Home » কান উৎসবে প্রদর্শিত হতে চলেছে সত্যজিতের কলকাতা ত্রয়ী ‘প্রতিদ্বন্দ্বী’

কান উৎসবে প্রদর্শিত হতে চলেছে সত্যজিতের কলকাতা ত্রয়ী ‘প্রতিদ্বন্দ্বী’

সময় কলকাতা ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেল ভারত। মে মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে চলা এই চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেওয়া হল ভারতকে।ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির উপলক্ষেই ভারতকে এই সম্মান দিল ফ্রান্স।জানা গিয়েছে কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে ৫ টি স্টার্টআপ কোম্পানি বৈঠকে অংশ নিতে পারবে।এমনকি ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে আর মাধবন অভিনীত ছবি ‘রকেট্রি’র।

সারাবছর ধরেই দেশে পালিত হয়েছে সত্যজিৎ রায়ের শতবর্ষ।সবে ১০১ তম জন্মদিন পেরলো, এখনও চারপাশজুড়েই শুধু সত্যজিৎ দর্শন।আর এরই মধ্যে বাঙালিদের জন্য আরও একটি মন ভাল করা খবর।মে মাসেই শেষে অনুষ্ঠিত হতে চলা ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দেখানো হবে সত্যজিৎ রায়ের কলকাতা ত্রয়ীর প্রথম চলচ্চিত্র ‘প্রতিদ্বন্দ্বী’।সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র সংরক্ষণাগার’ দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে এই ছবি।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন এই ছবিটি চলচ্চিত্র উৎসবের ‘ক্লাসিক’ বিভাগে প্রদর্শিত হবে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয় ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিটি। ১৯৭১ সালে এই ছবি তিনটি ভারতীয় জাতীয় পুরস্কার পায়।যার মধ্যে শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় পুরস্কারও ছিল।সত্যজিৎ রায়ের ‘ক্যালকাটা ট্রিলজি’-র প্রথম ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ তে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়।অন্য দুটি ছবি হল ১৯৭১ সালের ‘সীমাবদ্ধ’ ও ১৯৭৫ সালের ‘জন অরণ্য’।

About Post Author