Home » ধেয়ে আসছে ‘অশনি’, মাইকিংয়ের মাধ্যমে উপকূলবর্তী এলাকায় সতর্ক করল প্রশাসন

ধেয়ে আসছে ‘অশনি’, মাইকিংয়ের মাধ্যমে উপকূলবর্তী এলাকায় সতর্ক করল প্রশাসন

সময় কলকাতা ডেস্কঃ ধেয়ে আসছে ‘অশনি”। তার আগে পূর্ব মেদিনীপুর শহর সহ উপকূলবর্তী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রচার করল জেলা প্রশাসন ।পাশাপাশি সমুদ্রে আগত পর্যটকদেরকেও সতর্ক করা হল মাইকিংয়ের মাধ্যমে। রামনগর ব্লক কৃষি দফতরের উদ্যোগে কৃষিজীবী মানুষদেরকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয় এদিন।

জেলা কৃষি দফতরের বিশেষ আধিকারিক ড.স্নেহাশিস কুইল্যা জানান ইতিমধ্যেই জেলার সমস্ত উৎপাদিত বোরো ধানের ৯০ শতাংশই চাষিরা তাদের ঘরে তুলে নিয়েছেন। পাশাপাশি চাষিদের সতর্ক করতে এই মাইকিংয়ের বিশেষ ব্যবস্থা বলে জানান তিনি ।

এদিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ,শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’। তবে সাইক্লোন শেষ পর্যন্ত স্থলভাগে আছড়ে পড়বে কিনা এ নিয়ে সংশয় রয়েছে।আবহওয়াবিদদের একাংশের মতে, সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলবে ‘অশনি’।ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

সোমবার সকালে কলকাতায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। সাইক্লোনের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূ্র্বাভাস জারি করা হয়েছে।মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

About Post Author