Home » স্কুলে ৪৫দিন গরমের ছুটি ! রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

স্কুলে ৪৫দিন গরমের ছুটি ! রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

সময় কলকাতা ডেস্কঃ  টানা ৪৫ দিন গরমের ছুটি দেওয়ার কারন জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। ১০দিনের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগামী ২০ মে।

তাপপ্রবাহ শুরু হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেন। সেই অনুযায়ী সরকারি নির্দেশিকাও জারি করা হয়। কিন্তু প্রথমে গ্রীষ্মের ছুটি ১২ দিনের থাকলেও পরে তা বাড়িয়ে ৪৫ দিন করায় আপত্তি তোলেন অভিভাবক ও শিক্ষক শিবিরের বড় অংশ। তাঁদের বক্তব্য, করোনাকালে দীর্ঘ দুটো বছর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। ফের এত দিন ছুটি পড়লে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়াদের ভবিষ্যৎ। আর সেই কারণেই স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অভিভাবক।

সেই অভিভাবকের দায়ের করা মামলার ভিত্তিতে আবেদনকারীর পক্ষের আইনজীবী মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেন, যে দীর্ঘদিন ছুটি থাকার পর বাচ্চারা যখন অভ্যস্ত হচ্ছিল স্কুল যাবার জন্য তখন আবারও পরিস্থিতি বিশ্লেষণ না করে, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ৪৫ দিনের গরমের ছুটি কেন ঘোষণা করেছে রাজ্য সরকার? এমনিতেও নিম্নচাপ এবং কালবৈশাখীর ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।এই পরিস্থিতিতে টানা ৪৫ দিন গরমের ছুটি দেবার কোনো যৌক্তিকতা নেই বলেই হাইকোর্ট এই হলফনামা চায়।

About Post Author