সময় কলকাতা ডেস্ক : বর্ষা এলেই জমা জলে চেনা দুর্ভোগ দেখা দেয় পানিহাটির বিভিন্ন পুর এলাকায়। জমা জলের পাশাপাশি দেখা দেয় ডেঙ্গুর মতন রোগ । যার ফলে প্রতিবছরই বর্ষা এলেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এবার তাই বর্ষা আসার আগেই এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে পানিহাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। পাশাপাশি এলাকার বাসিন্দাদের ডেঙ্গি ব্যাপারে সচেতন করতে এদিন বিভিন্ন জায়গা ঘুরেও দেখেন জেলাশাসক। এরপরই তিনি চলে আসেন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। সেখানকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। এদিন জেলাশাসকের সঙ্গে এলাকা পরিদর্শনে করতে আসেন পানিহাটির পুর প্রধান মলয় রায় সহ অন্যান্য আধিকারিকরা।
প্রসঙ্গত , পানিহাটি পুরসভার অন্তর্গত বিভিন্ন জলাশয় গুলিও এদিন পরিদর্শন করেন জেলাশাসক সুমিত গুপ্তা । পাশাপাশি ডেঙ্গু নিয়ে এদিন আলোচনা করতে পানিহাটি পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে তিনি। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ২৩, ২৪ এবং ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় জল জমার সমস্যা লেগেই থাকে। এদিন সেই ২৭ নম্বর ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন জেলাশাসক। হাসপাতালে নর্দমায় যাতে কোনভাবে ডেঙ্গির লার্ভা না জন্মায় সে ব্যাপারেও পুরসভাকে সতর্ক করেন তিনি।
এদিন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান বর্ষা আসার আগেই এলাকাগুলি কতটা পরিচ্ছন্ন আছে সেটা খতিয়ে দেখার পাশাপাশি পানিহাটির বিভিন্ন এলাকা জুড়ে যে সব ঢাকা নর্দমা আছে সেগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে । বর্ষা আসার আগে সেগুলিও পরিষ্কার করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এই বিষয়ে পানিহাটির পুরপ্রধান মলয় রায় জানান, পানিহাটিতে বর্তমানে ডেঙ্গুর সংখ্যা অনেকটাই কম এবং ভবিষ্যতে যাতে ডেঙ্গি কোনভাবে না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দেবে পুরসভা, বলে জানান তিনি।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু