Home » ব্যস্ততার মধ্যেও ভরসা রাখুন এই খাবারগুলিতে!

ব্যস্ততার মধ্যেও ভরসা রাখুন এই খাবারগুলিতে!

সময় কলকাতা ডেস্কঃ কাজের চাপে নিজের যত্ন নেওয়ার সুযোগ খুব কমই থাকে। ত্বক পরিচর্যার কথা তো দূরেই থাক, ঠিক করে খাওয়ার সময়ও থাকে না। এর ফলে শরীরের উপর যেমন চাপ পড়ে তেমনই মনেও কিন্তু এর প্রভাব পরে। শরীরচর্চা করার সময় না থাকলে শরীর সুস্থ রাখতে জোর দিতে হবে কিছু স্বাস্থ্যকর খাওয়া দাওয়ায়। দেখে নিন কোন খাবারগুলি ব্যস্ততার মধ্যেও শরীর ভালো রাখবে।

শাক সবজি ও ফল
শরীরকে সুস্থ রাখতে সবুজ শাকসব্জি ও ফলের বিকল্প নেই। তাই অফিসের টিফিনে মুখরোচক ভাজাভুজি না খেয়ে একটা বা দুটো মরসুমি ফল খান। এছাড়াও অল্প সময় বার করে অল্প তেল আর সবজি দিয়ে বানিয়ে আনতে পারেন যে কোনও স্বাস্থ্যকর পদ।

জল
শরীর আর্দ্র রাখতে ও ত্বকের যত্ন নিতে জল অত্যন্ত অপরিহার্য একটি উপাদান। বাড়ির বাইরে থাকলে অনেকেই সময় মত জল খেতে ভুলে যান। জল না খাওয়ার অভ্যাসে শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ। তাই কাজের ফাঁকে শত ব্যস্ততাতেও জল খেতে ভুলবেন না। একেবারে বেশি জল খাওয়ার দরকার নেই। বারবার অল্প করে জল খান।

বিভিন্ন প্রকার ডাল
ডাল অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। মুগ, মুসুর, অড়হড়, বিউলির ডাল অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ। বিভিন্ন প্রকার ডাল কিন্তু পুষ্টি গ্রহণের অন্যতম উৎস। কাজের ব্যস্ততা থাকলেও রোজের খাবারে ডাল রাখুন।

সাদা ভাত ও রুটি
ওজন নিয়ন্ত্রণে রাখতে সাদা ভাত খান না অনেকেই। কেউ কেউ আবার এড়িয়ে চলেন রুটিও। কিন্তু ভিতর থেকে শরীরকে সুস্থ রাখতে ভাত, রুটির জুড়ি মেলা ভার। পরিমাণে অল্প হলেও রোজের খাবারে ভাত বা রুটি রাখাটা খুবই জরুরী। তাতে সারাদিনের কাজের পর শরীর ভালো থাকবে।

স্বাস্থ্যকর কিছু জলখাবার
মাঝেমাঝে এক টানা কাজের পর সন্ধ্যাবেলায় হঠাৎ খিদে পেয়ে যায়। সেই খিদে মেটাতে চপ, সিঙ্গারা, পিৎজা, বার্গারের বদলে ভরসা রাখতে পারেন বাদাম, গ্র্যানোলা, ড্রাই ফ্রুটস এর মত স্বাস্থ্যকর কিছু খাবারে।

About Post Author