Home » ইছামতির ভাঙা বাঁধ উপচে জলমগ্ন,উদাসীন প্রশাসন

ইছামতির ভাঙা বাঁধ উপচে জলমগ্ন,উদাসীন প্রশাসন

শ্যাম বিশ্বাস, টাকি, সময় কলকাতাঃ পূর্ণিমার ভরা কোটালের জেরে ইছামতির বাঁধ ছাপিয়ে নদীর জল ঢুকে পড়ল টাকি পৌরসভার বিস্তীর্ণ এলাকায়। হাসনাবাদের পুরাতন বাজার সহ  বিভিন্ন এলাকায় নদীর নোনা জল ঢুকে পড়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ ব্যবসায়ীরা থেকে এলাকার বাসিন্দাদের ।

বাঁধ উপচে জলমগ্ন হয়েছে হাসনাবাদের পুরাতন বাজারের বেশ কিছু অংশ । যার জেরে ক্ষতির আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। একাধিকবার সেচ দফতরকে এ ব্যাপারে অভিযোগ জানালেও আজও সেই সমস্যার সমাধান হয় নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। সময় থাকতে বাঁধ মেরামতির কাজ শুরু না হওয়ার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, জানালেন এলাকারই এক স্থানীয় বাসিন্দা।

আমফান, ইয়াসের মতো অশনিও যদি শক্তিশালী হয়,এতদিন সেই ভেবে রাতের ঘুম উড়েছিল ইছামতির নদী পাড়ের বাসিন্দাদের। তাই অশনি আসার আগে আশঙ্কায় দিন গুনছিলেন নদী পাড়ের এলাকার বাসিন্দারা। তবে এ যাত্রায় অশনি বিশেষ কিছু ক্ষতি না করলেও ভিলেন হয়ে দাঁড়ালো পূর্ণিমার ভরা কোটাল। যার জেরে নদী উপচে জল ঢুকলো টাকি পুরসভার বিস্তীর্ণ এলাকায়। বর্ষা এলে ফের এই এলাকা জলমগ্ন হতে পারে বলে এখন থেকে আশঙ্কায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা। কবে সেই নদী বাঁধ মেরামতি হবে সেই দিকে তাকিয়ে ইছামতির নদী পাড়ের বাসিন্দারা।

About Post Author