সময় কলকাতা ডেস্কঃ সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দিল্লি রওনা হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই যাত্রা নিয়েই এবার অর্জুনকে কটাক্ষে বিঁধলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
একুশের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের কাছে বিপুল হারের পর থেকেই সাংগঠনিকভাবে কিছুটা হোঁচোট খেয়েছে গেরুয়া শিবির। প্রতিনিয়ত দলের অন্তরে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। সময়ে সময়ে বিদ্রোহের সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরাই। সেই তালিকায় ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বিজেপি নেতা রিতেশ তিওয়ারি থেকে শুরু করে অনেকেই। রাজ্যের সাংগঠনিক স্তরে বদল আনার পর সেই বিদ্রোহই যেন দাবালনের আকার নেয়। দল ছেড়ে ঘাসফুলে নাম লেখান জয়প্রকাশ মজুমদার। এবার বেশ কয়েকদিন ধরে সেই পথেই হাঁটছেন ব্যারাকপুরের সাংসদ।

পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হন অর্জুন সিং।পাটশিল্পকে বাঁচাতে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে একই মঞ্চে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। বঙ্গ বিজেপিতে অর্জুন সিং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মুখ। তাই সেই মুখ বেসুরো হতেই কোমর বেঁধে আসরে নামেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।পাটশিল্প নিয়ে জড়তা কাটাতে দুবার সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। আশ্বাস দেন সমস্যা সমাধানের। কিন্তু তারপরেও পাট শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে ডাক পাননি সাংসদ। সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অর্জুন সিং। তাই এবার আসরে নামলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর তাই সোমবার দিল্লি রওয়া দিয়েছেন অর্জুন সিং। এই দিল্লি যাত্রা নিয়েই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্য, ব্যারাকপুরের সাংসদ দলেরই কোনও কাজের জন্য দিল্লি রওয়া দিয়েছেন।তিনি সুবিধাভোগী মানুষ। নিজের সুবিধার জন্যই দিল্লি উড়ে গিয়েছেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই অর্জুন সিং বেসুরো হতেই তাঁর ফের পুরনো দলে যোগদান নিয়েও জল্পনা ছড়িয়েছিল। যদিও, এদিন বেসুরো অর্জুন ঘিরে সেই জল্পনাতেই একপ্রকার জল ঢেলে দিলেন সোমনাথ শ্যাম।তাঁর মতে, তৃণমূলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কোনও জায়গা নেই। এই জল্পনা তিনি নিজেই রটাচ্ছেন। পাশাপাশি তিনি জানান, পাটশিল্প পুনরুদ্ধারে তৃণমূলের শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। ব্যারাকপুরের সাংসদ তাতে কয়েকদিন আগে যোগ দিয়েছেন। তাই এই আন্দোলন যে শুধুই অর্জুন সিংয়েরই, তা নয়।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই এক কলসযাত্রার অনুষ্ঠানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখনই সাংসদের তৃণমূলের যোগদান আরও জোড়াল হয়। তবে, এদিনের মন্তব্যে সেই জল্পনায় যে কিছুটা জল পড়ল, তা বলাই বাহুল্য। বাকিটা সময় বলবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?