সময় কলকাতা ডেস্ক : দুর্গা পিতুরি লেনের ছায়া এবার সোনারপুরে। সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের চৌহাটি এলাকায় বহুতল নির্মানের সময় আশেপাশের বাড়িতে ফাটল। যার জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মান বহুতল গড়বার সময় কাঁপতে শুরু করে এলাকার অন্যান্য বাড়িঘর। যার জেরে এই ফাটলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ । তবে এ ব্যাপারে পুরসভা সহ সোনারপুর এলাকার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সোনারপুরের বাসিন্দা তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নির্মীয়মান বহুতলের কাজ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। নির্মাণ চলাকালীন এমন বেশ কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, যার জেরে ঘরে টেকা দায় হয়ে পড়ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এমনকি ঘরে কোনো অসুস্থ মানুষ থাকলে তারাও বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে দাবি বাসিন্দাদের। ইতিমধ্যেই স্থানীয়দের তরফে এই ব্যাপারে পুরসভায় লিখিত অভিযোগ করা হয়েছে ।

এলাকার কাউন্সিলর রাজীব পুরোহিত জানান, তার কাছে যখন এ ব্যাপারে খবর আসে তখন তিনি নির্মীয়মান সংস্থার দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে এবং বিষয়টি নিয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে নির্মীয়মান সংস্থার সঙ্গে ক্ষতিগ্রস্থদের জরুরি বৈঠক হয় । সেখান থেকে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় ওই সংস্থার তরফে ।
তবে এই বিষয়ে সিপিএম নেতা তথা সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী বলেন, চৌহাটি এলাকায় কিছু প্রাইভেট কোম্পানি হাঙড়ের মত করে ঝাঁপিয়ে পড়েছে। যার জেরে আশেপাশের বাড়িতে ফাটল ধরছে অথচ সেই ব্যাপারে কারোর হেলদোল নেই বলে দাবি করেন তিনি। আর যা নিয়ে পুরসভা ও আরবান ডেভেলপমেন্টের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুজন।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান