Home » ফুচকা খেয়ে অসুস্থ গ্রামবাসী

ফুচকা খেয়ে অসুস্থ গ্রামবাসী

সময় কলকাতা ডেস্কঃ ফুচকা খেয়ে অসুস্থ শিশু মহিলা পুরুষ সহ প্রায় ৯০ জন। এর মধ্যে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১০। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের নোয়াপাড়া গ্রামে।

ফুচকা এমন একটি খাবার, যা দেখলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর সেই ফুচকা খেয়েই অসুস্থ হয়ে পড়ল শিশু, মহিলা, পুরুষ সহ প্রায় ৯০ জন। তাদের মধ্যে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের নোয়াপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, প্রায় প্রতি রবিবার ও সোমবার ওই গ্রামে আসতেন এক ফুচকাওয়ালা। বেশি করে টকজল ও ঝাল দিয়ে মাখা আলুতে লোভনীয় ফুচকা খেতে পছন্দ করেন আট থেকে আশি। প্রতি সপ্তাহের মত এদিনও গ্রামে এসেছিলেন ফুচকাওয়ালা। তাঁর কাছ থেকে ফুচকা খেয়েছিলেন গ্রামের বহু মানুষ। এর পরেই ঘটে বিপত্তি। অসুস্থ হয়ে পড়ে গ্রামের পুরুষ, মহিলা এবং শিশুরা।

ফুচকাওয়ালার থেকে ফুচকা খাওয়ার পর থেকেই অল্প অল্প অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। এরপর সোমবার ও মঙ্গলবার অসুস্থতা আরও বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে প্রবল মাথার যন্ত্রণা, জ্বর ও পেট খারাপ বাড়তেই থাকে। অনেককে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় কুলগাছি গ্রামীণ হাসপাতাল ও হাড়োয়া হাসপাতালে।
আপাতত অসুস্থ হয়ে ১০ জনের বেশী গ্রামবাসী চিকিৎসাধীন রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ফুচকা খেয়েই অসুস্থ হয়েছে নাকি অন্য কোন কারণে এমনটা হয়েছে তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ ও স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই গ্রামের মধ্যে একটি মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।

About Post Author