Home » জেরা শেষে বিধ্বস্ত অনুব্রত

জেরা শেষে বিধ্বস্ত অনুব্রত

সময় কলকাতা ডেস্ক: চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে নিজাম প্যালেস ছাড়লেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ম্যারাথন জেরার শেষে স্পষ্টতই ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল অনুব্রত মণ্ডলকে।সূত্রের খবর সিবিআই-এর দফায় দফায় জেরার ফাঁকে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। সিবিআই সুত্রে খবর, অনুব্রতর জেরা পর্ব এখনও সম্পূর্ণ হয় নি। অসুস্থ বোধ করতে থাকায় আবার তাঁর আশ্রয়স্থল হতে চলেছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড।

সিবিআই-এর দীর্ঘ জেরা শেষে নিজাম প্যালেস ছেড়ে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হয়ে যান অনুব্রত । সিবিআইয়ের দফায় দফায় জেরা শেষে নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে গাড়িতে যখন ওঠেন অনুব্রত মণ্ডল তখন তাঁর শরীরী পরিভাষা দেখে তাঁকে মনে হয়েছে ঝড় বয়ে গিয়েছে তাঁর ওপরে ।গরুপাচার-কাণ্ড থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু বারবার শারীরিক অসুস্থতার কথা বলে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তিনি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ৬ তারিখ সিবিআই জেরা এড়িয়ে যান অনুব্রত। ৬ এপ্রিল তাঁকে তলব করা হলেও নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় তিনি গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। এপ্রিলের শেষে তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানান যে, ২১ মে-র পর তিনি জিজ্ঞাসাবাদের পর্বে যেতে রাজি। অতঃপর সিবিআইকে চিঠি লিখে বৃহস্পতিবার নিজাম প্যালেসে যাওয়ার বিষয় জানান স্বয়ং অনুব্রত।

About Post Author