Home » পরেশ ফিরেছেন -একদিকে জেরা, অন্যদিকে তরজা

পরেশ ফিরেছেন -একদিকে জেরা, অন্যদিকে তরজা

সময় কলকাতা ডেস্ক : শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী দেড়দিন ‘ নিখোঁজ’ থাকার পরে নিজেই ফিরেছেন।ফিরেই সিবিআই আধিকারিকদের জেরার সামনে। বৃহস্পতিবার নিজাম প্যালেসে দফায় দফায় রাতে সাড়ে সাতটা থেকে দশটার পরেও প্রায় তিনঘন্টা ধরে চলে জেরা।অবশেষে সাড়ে দশটার কয়েক মিনিট পরে তিনি বেরিয়ে আসেন।সূত্রের খবর,কেন কম নম্বর পেয়েও মেয়ে চাকরি পেল অথবা কি ভূমিকা ছিল শিক্ষা প্রতিমন্ত্রীর – সবই জানতে চেষ্টা করা হয় । রেকর্ড করা হয়েছে ” প্রভাবশালী” পরেশ অধিকারীর বয়ান। প্রসঙ্গত, মঙ্গলবার রাত আটটার মধ্যে এসএসসি সংক্রান্ত দুর্নীতি ও কন্যার ‘অবৈধ নিয়োগ’ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছিল পরেশ অধিকারীকে। তিনি মঙ্গলবার রাতে জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে উঠে বুধবার ট্রেন বর্ধমান পৌঁছতেই লা-পাতা হয়ে যান। বৃহস্পতিবার তিনি সাতটা পঁচিশ মিনিটে হাজির হন সিবিআই দপ্তরে।আবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যেমনটা তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকেও অবিলম্বে ডাকা হতে পারে।

এদিকে শিক্ষা দুর্নীতি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ খুলে জানিয়েছেন অনেকদিন সয়েছেন,এবার তিনিও ‘চ্যাপ্টার ওপেন’ করবেন। তাঁর মতে বাম জমানায় চিরকুট দিয়ে চাকরি হত। সুজন চক্রবর্তী আবার তৃণমূলকে পাল্টা তোপ দেগেছেন।বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার টিএমসি সিপিএম ফিসফ্রাই জোটের কথা উল্লেখ করে কটাক্ষ করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আবার ঘাড় ধরে জেলে ঢোকানোর পরামর্শ দিয়েছেন। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলছেন,অন্যায়ে দল পাশে থাকবে না। সবমিলিয়ে শিক্ষা দুর্নীতি নিয়ে তরজা চরমে।।

 

About Post Author