Home » ফের লালু প্রসাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ফের লালু প্রসাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত পশুখাদ্য কেলেঙ্কারি মামলার রেশ কাটতে না কাটতেই ফের লালু প্রসাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী দল (CBI) শুক্রবার সকালে লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবরি দেবীর বিহারের আবাসনেও তল্লাশি চালায়।

এদিন সকাল থেকেই কমপক্ষে তাঁর বাড়ি সহ মোট ১৫ টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। শুধু লালুপ্রসাদ যাদবই নয়,তাঁর মেয়ের বিরুদ্ধেও আনা হয়েছে নয়া অভিযোগ।জানা গিয়েছে, রেলমন্ত্রী থাকাকালীন একাধিক নিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতিতে যুক্ত ছিলেন লালু প্রসাদ যাদব। একাধিক পদে জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়া হয়।সেই একই অভিযোগ ছিল লালু প্রসাদের মেয়ের বিরুদ্ধেও। তবে ঠিক কত জমি বা প্লট হস্তান্তরের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত। ওই মামলায় ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রথমবার জেলে যেতে হয় তাঁকে। তারপর থেকে দীর্ঘদিন জেলেই ছিলেন তিনি। এর মধ্যে শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালেও ভর্তি করানো হয় লালুকে।প্রসঙ্গত,ডোরান্ডা ট্রেজারি মামলায় ১৩৯.৩৫ কোটি টাকা বেআইনি ভাবে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। এমনকি তাঁকে ৬০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। কিন্তু পরে তিনি গত এপ্রিল মাসেই জামিনে ছাড়া পেয়ে যান।

About Post Author