Home » ওড়িশায় মর্মান্তিক বাস দুর্ঘটনা মৃত্যু ৬ জনের, আহত ৪৫

ওড়িশায় মর্মান্তিক বাস দুর্ঘটনা মৃত্যু ৬ জনের, আহত ৪৫

সময় কলকাতা ডেস্কঃ  ঘুরতে গিয়ে দুর্ঘটনার মুখে বাংলার পর্যটকদের একটি বাস। মর্মান্তিক সেই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত প্রায় ৪৫ জন। মঙ্গলবার রাতের এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে উড়িশার সীমান্তবর্তী গঞ্জাম জেলার কলিঙ্গ ঘাটে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বাসে করে ৫৫ জন পর্যটক উড়িশার ফুলবনি জেলার দারিংবাড়ি বেড়াতে গিয়েছিলেন। দারিংবাড়ি থেকে মঙ্গলবার রাতে বাসটি রওনা দেয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের উদ্দ্যেশ্যে। রাত সাড়ে বারোটা নাগাদ কলিঙ্গ ঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাণ বাঁচাতে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রাই।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলবাহিনী।  দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেহরামপুরের মহারাজা কৃষ্ণচন্দ্র গজপতি মেডিকেল কলেজে এবং ভঞ্জনগর মেডিকেল কলেজে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন তাঁরাও। পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে ওড়িশার ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন পর্যটকেরা। ওড়িশার দারিংবাড়ি ঘুরে তাদের যাওয়ার কথা ছিল বিশাখাপত্তনম।

About Post Author