Home » ভয়াবহ অগ্নিকাণ্ড হুগলির কোন্নগরে

ভয়াবহ অগ্নিকাণ্ড হুগলির কোন্নগরে

পাপ্পু সাঁতরা, হুগলি, সময় কলকাতাঃ  হুগলির কোন্নগরে একটি বহুতল বিল্ডিংয়ে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার, হুগলির কোন্নগরে পুরনো চলচ্চিত্র সিনেমা হল অঞ্চলে এক বহুতল নির্মাণের ভিতরের একটি কসমেটিকের দোকানে হঠাৎই আগুন লাগে। স্থানীয় দোকানপাট বন্ধ থাকার কারণে এদিনের অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে গোটা বিল্ডিং-এ। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।

যদিও এই বহুতলটি কোনরকম অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই কোন্নগর পুরসভার অনুমতিতে নির্মাণ করা হচ্ছিল বলেই স্থানীয়দের অভিযোগ। কার্যত সে কারণেই কোনরকম অগ্নিকাণ্ড ঘটলে সহজে তা আয়ত্তে আনার কোন উপায় নেই বলেই জানান তারা। এ বিষয়ে কোন্নগরের পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, বৃহস্পতিবার দোকানপাট সব বন্ধ থাকার কারণেই সবার অগোচরে এমন ঘটনা ঘটে গেছে। তবে ঠিক কি দায় এড়াতে এমন মন্তব্য কোন্নগর পুরসভার পুরপ্রধানের? তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

About Post Author