Home » একটা আস্ত অ্যাম্বুলেন্স ম্যাজিকের মত গায়েব !

একটা আস্ত অ্যাম্বুলেন্স ম্যাজিকের মত গায়েব !

পাপ্পু সাঁতরা, হুগলি, সময় কলকাতাঃ একটা আস্ত অ্যাম্বুলেন্স ম্যাজিকের মত গায়েব !স্রেফ উবে গেল গোটা গ্রাম থেকে ! দিনের পর দিন গ্রামবাসীদের চোখে পট্টি  পরিয়ে রাখা হল। আপৎকালীন রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুল্যান্স চাইতে গেলেই অজুহাত খাড়া করা হত অ্যাম্বুল্যান্সটি খারাপ, রিপেয়ারিং-এ দেওয়া হয়েছে। এই ভাবে কাটিয়ে দেওয়া হয়েছে তিন তিনটি বছর। কিন্তু আর কতদিন এ ভাবে চলতে পারে ? প্রশ্ন দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গ্রামবাসীদের। সূত্রের খবর ২০১০ সালে হুগলির জাঙ্গীপাড়ার তৃণমূল পরিচালিত দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের জন্য, বিধায়ক তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন তৎকালীন সিপিআইএম বিধায়ক সূদর্শন রায়চৌধুরী। পঞ্চায়েত এলাকার মানুষকে পরিষেবা দিতেই এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। কিন্তু, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বদলে হঠাত্ই অ্যাম্বুলেন্স উধাও হয়ে যায়। অভিযোগ, এলাকার মানুষ অ্যাম্বুলেন্সের খোঁজ করলে, সেটি খারাপ হয়ে গিয়েছে বলেই জানানো হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। প্রায় তিন চার বছর ধরেই উধাও অ্যাম্বুলেন্সটি। স্থানীয়দের অভিযোগ, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ আব্দুলের মদতেই বিক্রি করে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সটি। অভিযোগ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের মদতেই বিক্রি করে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সটি। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ আব্দুল।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হন  বিরোধীরা। শাসকদল যে  দুর্নীতির সঙ্গে যুক্ত এই কথা আমরা অনেক দিন আগে থেকেই বলে আসছি। মন্তব্য বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদকের। তার আরও বক্তব্য এই ঘটনাটি হল নতুন একটি সংযোজন। 

পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বাম নেতৃত্বও।  বাম নেতা  মনোজ গায়েন বলেন এই ঘটনা নতুন কিছু নয়। ভবিষ্যতে এই সরকার গোটা স্বাস্থ্য ব্যবস্থাকেই বিক্রি করে দেবে। 

অ্যাম্বুলেন্স গায়েব হয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার আশায় দিন গুনছেন তাঁরা।
হুগলি থেকের রিপোর্ট, সময় কলকাতা

About Post Author