Home » গোয়াল ঘর থেকে উদ্ধার বোমা, কাঠগড়ায় জামাই বাবাজীবন

গোয়াল ঘর থেকে উদ্ধার বোমা, কাঠগড়ায় জামাই বাবাজীবন

সময় কলকাতা ডেস্কঃ শ্বশুর বাড়ির থেকে  জামাই ষষ্ঠীর জন্য জামাইকে এবারে আলাদা ভাবে আপ্যায়ন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। গোয়াল ঘর থেকে উদ্ধার হল ব্যা্গভর্তি বোমা। আর সেই বোমা উদ্ধারের পরেই কাঠগড়ায় অভিযুক্ত জামাই। মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। একই সঙ্গে আতঙ্কিত এলাকাবাসীরা।

জানা গিয়েছে, জামাই মহিদুর ইসলাম খরবা গ্রাম পঞ্চায়েতের রানীপুরে শশুর মমতাজ আলির বাড়িতেই থাকতেন। রবিবার হঠাৎই মমতাজ আলির গোয়াল ঘর থেকেই উদ্ধার হয় দুই ব্যাগ ভর্তি বোমা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। বোমা মজুতের বিষয়টি গোপন সুত্রে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খরবা ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন জামাই মহিদুল ইসলাম,এমনটাই দাবি পুলিশের। এরপরই খরবা ফাঁড়ির পুলিশের তরফে খবর দেওয়া হয় মালদা বম্ব স্কোয়াডকে।
ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক ও চাঁচল থানার আইসি। তবে এদিন ঠিক কি কারনে বোমাগুলি মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে পুলিশের উপস্থিতি টের পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত জামাই সহ গোটা পরিবার।

উল্লেখ্য,একের পর এক চাঁচল এলাকা থেকে উদ্ধার হচ্ছে বোমা। দু’দিন আগেই চাঁচলের মহানন্দপুর কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক ভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধারকে কেন্দ্র করে কার্যত তীব্র আতঙ্ক ছড়িয়েছে চাঁচলে।

About Post Author