Home » ট্রেকিংয়ে গিয়ে বেপাত্তা ২ বাঙালি পর্যটক,উঠছে প্রতারণার অভিযোগ

ট্রেকিংয়ে গিয়ে বেপাত্তা ২ বাঙালি পর্যটক,উঠছে প্রতারণার অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়ে গেলেন রাজ্যের দুই পর্যটক। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। নিখোঁজ দুই ব্যক্তির নাম দীপেশ সাহা (৪৮) ও বাবাই দে (৩৬)।

জানা গিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তি অশোকনগরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২৪ মে অশোকনগর থেকে ১৮ জনের একটি দল নেপালে গিয়েছিল। সেই দলকে নিয়ে গিয়েছিলেন দীপেশ সাহা এবং বাবাই দে। সেখান থেকে তারা যান সান্দাকফুতে। প্রাথমিকভাবে দীপেশ সাহা এবং বাবাই দে-র নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে এলেও আসল ঘটনাটি প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ প্রত্যেকের। পর্যটকদের অভিযোগ, টাকা নিয়ে বেপাত্তা দীপেশ সাহা এবং বাবাই দে। পরিবারের পক্ষ থেকে দুজন নিখোঁজ বলা হলেও পর্যটকদের কথায় প্রকাশ্যে আসে অন্য তথ্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পর্যটক দলের সদস্য সব্যসাচী ঘোষের অভিযোগ করেন তাদের সঙ্গে ট্যুর অপারেটর দীপেশ সাহা এবং বাবাই দে প্রতারণা করেছেন।  কারন তারা ওই ট্যুর অপারেটরকে কয়েক লাখ টাকা দিয়েছিলেন  তাদের এই ট্রেক করার জন্য। কিন্তু দীপেশ সাহা এবং বাবাই দে তাদের থাকার জন্য কোন হোটেলেই তাদের প্রদেয় টাকা পেমেন্ট করেনি। এমনকি সব্যসাচী ও তার সঙ্গীরা সেখানকার স্থানীয় পুলিশ ও এসএসবি- সঙ্গে যোগাযোগ করে দীপেশ সাহা এবং বাবাই দে-র ফোনের ট্র্যাক  করার চেষ্টা করলেও তাদের ভুল পথে চালনা করে ওই দুজন। এমনকি ওই ট্যুর অপারেটর দীপেশ সাহা রবিবার সকালে তার ফোন থেকে  ভিডিও ফোন কলও করেন তার স্ত্রী স্বপ্না দেবীকে ।

এমতাবস্থায় সব্যসাচী ঘোষ ও তাদের সঙ্গীদের অনেক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তাদের বেশি করে ভাবাচ্ছে সেটি হল ওই পাহাড়ি অঞ্চলে একমাত্র হিমালয়ান নেট ওয়ার্কই কাজ করে তাহলে দীপেশের ফোনে এখানকার সিম-এ কিভাবে তিনি তার স্ত্রীকে ভিডিও কল করলেন? তাহলে কি তাদের জঙ্গলে হারিয়ে যাওয়াটা একটি সাজানো ঘটনা? দীপেশ সাহা এবং বাবাইদের অন্তর্ধান রহস্য নিয়ে উঠে আসছে নানান প্রশ্ন। তবে এত কিছুর পরেও  সব্যসাচী বাবু ও তার সঙ্গীদের একটাই বক্তব্য যে, তারা সুস্থ শরীরে ঘরের ছেলে ঘরে ফিরে আসুক।

 

 

About Post Author