Home » সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক: নির্ধারিত সময়ের আগেই বাঁকুড়ায় কর্মী সম্মেলনে ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে-কে শেষ দেখা দেখতে কর্মিসভা শেষ করে কলকাতায় রওনা দিলেন মুখ্যমন্ত্রী।

দুদিনের বাঁকুড়া সফর। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর সফরের দ্বিতীয় দিনে কর্মিসভা। বেলা ১২ টা থেকে সতীঘাটের কর্মিসভায় উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, আচমকাই থমকে যায় নির্ধারিত কর্মসূচি। কলকাতায় এসে হঠাৎই মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কেকে-র। শোকস্তব্ধ গোটা দেশ। স্তম্ভিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গায়ককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নির্ধারিত সময়ের আগেই বাঁকুড়া সফর শেষ করলেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই, সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদই মঞ্চে হাজির হন তৃণমূল সুপ্রিমো। কর্মী সম্মেলনের শুরুতেই শোকপ্রকাশ করেন তিনি। গান স্যালুটে বিদায় জানানো হবে কেকে-কে, সভামঞ্চ থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তবে, সভামঞ্চ থেকেই ফের একবার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রাপ্য টাকার দাবিতে ৫ এবং ৬ জুন প্রতিবাদ মিছিলের ডাক দেন তৃণমূল সুপ্রিমো। ফের ডিমনিটাইজেশন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। নোটবন্দির আসল টাকা গেল কোথায়, জবাব দিতে হবে। সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন কেন্দ্রের দিকে। বেসরকারিকরণ নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

নির্বাচনে জয়লাভের পরও বিজেপি নেতাদের দেখা পাওয়া যায় নি। উন্নয়নের কাজে মানুষের পাশে থাকেনি বিজেপি। আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। নির্ধারিত সময়েই আগেই জেলাসফর শেষ করে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ বারের মতো কেকে-কে চোখের দেখা দেখতে।

About Post Author