Home » চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা

চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা

সময় কলকাতা ডেস্কঃ  অবশেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী সোমা দাস পেলেন চাকরির নিয়োগপত্র। স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার নিয়োগের সুপারিশপত্র দিয়েছে সোমাকে। বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের মধুরা হাইস্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে সোমাকে। স্কুলশিক্ষা দপ্তর ৭ দিনের মধ্যে সোমা দাসকে চাকরির ব্যবস্থা করতে হবে বলে এসএসসিকে নির্দেশ দিয়েছিল। দীর্ঘ আন্দোলনের পর জয়ী হয়ে খুশি সোমা। তবে চাকরি পেলেও সোমা আন্দোলনের রাস্তা থেকে পিছু হটছেন না বলেই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলন করছেন সোমা দাস। সেই বছরই তাঁর ক্যানসার ধরা পড়ে। তবে আন্দোলন থেকে সরে দাঁড়াননি তিনি। তাঁর অভিযোগ, যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। বিচারপতি তাঁকে অন্য চাকরির প্রস্তাব দিলে বিচারপতির সেই প্রস্তাব ফিরিয়ে দেন সোমা। সোমা জানিয়েছিলেন আন্দোলন সবাই করছে। সেই কারণে তাঁর একার পক্ষে চাকরি নেওয়া সম্ভব নয়। এরপরেই সোমা দাসের চাকরির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর নিজের প্রাপ্ত জায়গা পেলেন এই আন্দোলনকারী চাকরিপ্রার্থী।

About Post Author