সময় কলকাতা ডেস্কঃ টিটেনাসের বদলে জলাতঙ্কের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হল এক মহিলাকে। প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল অভিযোগকারীর পরিবার। মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের সদর এলাকার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। টিটেনাসের বদলে জলাতঙ্কের ইঞ্জেকশন! প্রথমে কিছু না বুঝলেও পরপর দুটি ইঞ্জেকশনের পর তৃতীয় দিতে গেলেই সন্দেহ হয় মহিলার। বিষয়টি বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। দুদিন আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক সারমেয়কে এক মানুষের হাত মুখে নিয়ে ঘুরতে দেখা যায়। এবার ভুল ইঞ্জেকশন। প্রশ্নের মুখে স্বাস্থ্যব্যবস্থা। আতঙ্কিত অভিযোগকারী সঙ্গীতা গুপ্তা।

জানা গিয়েছে, কলম পাড়ার বাসিন্দা সঙ্গীতা গুপ্তা একটি সেলাইয়ের দোকান চালান। সেলাই করতে গিয়ে হঠাৎ কাঁচিতে হাতের তালু কেটে যায় তাঁর। দেরী না করে স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন ইনজেকশন নিতে। কিন্তু, সেখানেই হল বিপত্তি। অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ভুলবশত কুকুরে কামড়ানোর ইনজেকশন দিয়ে দেন মহিলাকে। পরপর দুটি ইঞ্জেকশনের পর তৃতীয়বার ইঞ্জেকশন দিতে আসলেই সন্দেহ হয় সঙ্গীতাদেবীর। হাসপাতালের পক্ষ থেকে সত্যিটা জানানো হয় তাঁকে। আশ্বস্ত করার পাশাপাশি, শীঘ্রই টিটেনাস নেওয়ার জন্য হাসপাতালে আবার পাঠিয়ে দেওয়া হয়। এমনকী, জলাতঙ্কের ভ্যাকসিনের বাকি ডোজগুলি পরে নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বাড়ি পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন সেই মহিলা। তারপরেই, হাসপাতালে বিক্ষোভে সামিল হন মহিলার পরিবার এবং স্থানীয়রা। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সরব জেলা বিজেপি নেতৃত্ব।

অভিযোগটি নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুব্রত চৌধুরী। যদিও, টিটেনাসই দেওয়া হয়েছে বলেই পাল্টা সাফাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। এর আগেও একাধিকবার ভুল ইঞ্জেকশন দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এসবের জেরেই ভুক্তভুগী হচ্ছেন সাধারণ মানুষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী