Home » পৃথিবীর স্বর্গে সন্ত্রাসবাদি হামলা

পৃথিবীর স্বর্গে সন্ত্রাসবাদি হামলা

সময় কলকাতা ডেস্কঃ জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নাশকতামূলক কাজ অব্যাহত। একের পর এক সন্ত্রাসবাদী হামলায় বিপর্যস্ত ভূস্বর্গ কাশ্মীর। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শোফিয়ানে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে যে বিস্ফোরণে ৩ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়।

বিস্ফোরণটি শোফিয়ানের সেডোতে একটি ব্যক্তিগত ভাড়া করা গাড়ির মধ্যে ঘটেছে। একটি শপিং মলের সামনে দাঁড় করানো ছিল গাড়িটি, তার পাশেই ছিল একটি পুলিশ গাড়ি, যে পুলিশ গাড়িতে পাঁচজন পুলিশ টহলদারীতে ছিলেন। গ্রেনেড ছুঁড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে নাকি আইইডি দিয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে কাশ্মীর পুলিশ।

প্রসঙ্গত, একদিন আগেই সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন এক বেসামরিক ব্যক্তি। এই কেন্দ্রশাসিত অঞ্চলে একের পর এক সন্ত্রাসবাদী হামলা ঘটে চলেছে। এই সপ্তাহের শুরুতেই এক স্কুল শিক্ষিকা রজনী বালা যাকে গুলি করে সন্ত্রাসবাদীরা। সাম্বা জেলার একটি দোকান থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথেই সন্ত্রাসবাদীদের গুলির শিকার হন তিনি। টানা দুই দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেও হার মানতে বাধ্য হন তিনি। রজনী বালার স্বামী রাজকুমারের দাবি, তার স্ত্রীর বদলির জন্য একাধিকবার আবেদন করেছিলেন তিনি। তা সত্ত্বেও তার আবেদনে কোনো রকম সাড়া দেয়নি শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। যেদিন সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হন রজনী বালা সেই দিন তার বদলির আবেদনে অনুমোদন দেয় শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। এই অনুমোদন আগে এলে হয়তো তার স্ত্রীর মৃত্যু হত না বলে দাবি করেছেন রাজকুমার। লাগাতার কাশ্মীরে নাশকতামূলক ঘটনা ঘটাচ্ছে জঙ্গিরা। গত মে মাসে আমরিন ভাট নামে এক টিভি আর্টিস্টকেও গুলি করে হত্যা করে জঙ্গিরা যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল সমগ্র কাশ্মীর। বৃহস্পতিবারের গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে কাশ্মীর পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।পাশাপাশি ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সেনা বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা।

About Post Author