সময় কলকাতা ডেস্ক: জামাইদের আদরে এমনিতেই সারাবছর কোন খামতি থাকেনা। আর জামাই ষষ্ঠীর দিন হলে তো কথাই নেই। পাঁচ রকম ভাজা থেকে শুরু করে জামাইয়ের পছন্দের হরেকরকম পদ তৈরি করতে লেগে পড়েন শাশুড়ি মায়েরা। তবে কর্ম ব্যাস্ততার যুগে অনেকগুলো পদ রান্না করা একটু অসুবিধাই। কিন্তু জামাই আদরে তো কোন খামতি রাখা যায়না। তাই এবার শাশুড়িদের সুবিধার্থে পঞ্চায়েত দফতরের অধীন ‘ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের’ উদ্যোগে জামাইষষ্ঠীর দিন বিশেষ আয়োজন করা হয়েছে।

এবার বাংলার জামাইদের সস্তায় মহাভোজ করানোর সুযোগ করে দিচ্ছে সরকারই। ৮২৪০৬২২৩৪৬, ৯৭৩৪৩৯৯৯১৫, ৮১৭০৮৮৭৭৯৪ এই তিনটে নম্বরে ফোন করলে বাড়ি বসেই জামাইষষ্ঠীর দিন খাওয়ার অর্ডার করা যাবে। ৩ জুন পর্যন্ত অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে। মাত্র ৫০০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন মহাভোজ।

সরকারী বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৫০০ টাকার দুটি আলাদা থালি থাকছে। একটিতে থাকবে, কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, ইলিশ পাতুরি, ঝাড়গ্রামের বনমুরগির মাংস, আনারসের চাটনি এবং একটি শক্তিগড়ের ল্যাংচা। অপরদিকে দ্বিতীয় থালিটায় থাকছে, কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের পাঠার মাংস এবং আনারসের চাটনি, শক্তিগড়ের ল্যাংচা। তবে ইলিশ পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের বন মুরগির মাংস বা পাঠার মাংস আলাদা করে অর্ডার করতে হলে ২৪ ঘন্টা আগে জানাতে হবে। আর অর্ডার বাতিল করতে হলে তা ২৪ ঘন্টা আগে জানাতে হবে। অনলাইন এবং ক্যাশ অন ডেলিভারি দু’ভাবেই টাকা দেওয়া যাবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি