Home » দেহ উদ্ধারে বিলম্বের অভিযোগ,লেগে গেল প্রায় ১০ ঘন্টা !

দেহ উদ্ধারে বিলম্বের অভিযোগ,লেগে গেল প্রায় ১০ ঘন্টা !

সময় কলকাতা ডেস্কঃ প্রায় ১০ ঘন্টা পর অবশেষে উদ্ধার হল তলিয়ে যাওয়া যুবকের দেহ। শুক্রবার দুপুর ৩ টে নাগাদ ৫ বন্ধুর সঙ্গে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় কার্তিক মিস্ত্রি ওরফে নরেন নামের এক যুবক। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তলিয়ে যাওয়া ওই যুবককে খুঁজে না পেয়ে পুকুরে জাল ফেলা হয়। এরপরই এদিন রাতে উদ্ধার হয় নরেনের নিথর দেহ। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাজিরহাট এলাকার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে সাজিরহাট এলাকার একটি ঝিলে দুপুর তিনটে নাগাদ পাঁচজন বন্ধুর সঙ্গে স্নান করতে আসে লেলিন গড়ের যুবক কার্তিক মিস্ত্রি (২২) ওরফে নরেন। সাঁতার না জানায় মৃত ওই যুবক থার্মোকল নিয়ে জলে নামেন৷ কিন্তু মাঝপথে আচমকাই তাঁর থার্মোকলটি ভেঙে যায়৷ বন্ধুরা যখন স্নান করছিল সেই সময় তারা দেখে নরেন জলের মধ্যে ডুবে যাচ্ছে। এরপর তারা স্থানীয়দের খবর দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা প্রথমে নিউ ব্যারাকপুর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ পৌঁছে ওয়েস্টবেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে খবর দেয়। এরপর তারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরও ওই যুবককে না পেয়ে অবশেষে সেই ঝিলে জাল ফেলার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। জাল ফেলার পরই প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার হয় কার্তিকের নিথর দেহ৷

ইতিমধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠায়। যদিও পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়ার প্রায় দু’ঘণ্টা পরে তারা ঘটনাস্থলে এসে পৌঁছয়।

About Post Author