সময় কলকাতা ডেস্ক: বাংলাদেশী স্টাইলে রাঁধুন লাউয়ের পাতায় ইলিশ মোড়া। দেখতে একখান বড়সড় চপের মতো, কিন্তু দাঁতে কামড়ালেই পোস্ত-সর্ষে-নারকেলে মাখামাখি হয়ে জিভে মিশবে ইলিশের সেই অনবদ্য স্বাদ। লাউপাতার মোড়কে লুকিয়ে থাকা ইলিশ রানি মনে সুখ আর জিভে জল আনবেই আনবে।
লাউয়ের পাতায় ইলিশ মোড়া তৈরির উপকরণ
• সাদা সরষে
• কালো সরষে
• পোস্ত
• নারকেল
• কাঁচা লঙ্কা
• নুন
• হলুদ
• বেসন
• লাউপাতা
• ইলিশ মাছের মাঝারি টুকরো
• সরষের তেল
পদ্ধতি
সমপরিমাণ গোটা সাদা সরষে ও কালো সরষে কয়েকটা কাঁচা লঙ্কা সমেত মিহি করে বেটে নিতে হবে। এবার ওই সরষের মিশ্রণে পোস্ত বাটা, নারকেল বাটা/মিহি কোরা, হলুদ গুঁড়ো, নুন ও কাঁচা সর্ষের তেল মিশিয়ে ভালো করে মিক্স করতে হবে।
ইলিশ মাছের টুকরো গুলোকে ওই মিশ্রণে মাখিয়ে ১৫ মিনিট মতো ম্যারিনেট করে নিন। এবার গ্যাসে গরম জল করে নিন। ধুয়ে রাখা লাউয়ের পাতাগুলো গরম জলে ডুবিয়েই তুলে নিন। এরকম করলে মাছ মোড়ার সময় পাতা ফেটে যাবে না। একটু ঠান্ডা হয়ে গেলে লাউ পাতার ওপরে ম্যারিনেডের কিছুটা মশলা-সহ মাছ রাখুন। মাছের ওপরে অল্প কাঁচা সরষের তেল এবং একটা কাঁচা লঙ্কা চিরে রাখুন।

এবার বেসনের মিশ্রণ বানিয়ে নিন। বেসনে কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ গুঁড়ো ও পরিমাণমতো জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার লাউপাতার ওপরে যে মাছগুলো সাজিয়ে রেখেছেন, সেগুলো মুড়ে নিয়ে ভেজে ফেলতে হবে।
কড়াইতে তেল গরম করুন। মাছ সমেত লাউপাতা ভালো করে মুড়ে নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ুন। মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করুন “লাউপাতায় ইলিশ মোড়া”। গরমাগরম পরিবেশন করুন লাউয়ের পাতায় ইলিশ মোড়া।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার