Home » দলে অন্তর্দ্বন্দ্বের মাঝেই দ্বিতীয় দিনের ঢালাও কর্মসূচি নাড্ডার!

দলে অন্তর্দ্বন্দ্বের মাঝেই দ্বিতীয় দিনের ঢালাও কর্মসূচি নাড্ডার!

সময় কলকাতা ডেস্কঃ বঙ্গবিজেপিতে ক্রমাগত বেড়েই চলেছে রক্তক্ষরণ। আদি-নব্যদের বিবাদ না চাইতেও প্রকাশ্যে আসছে বারবার। এসবের মাঝেই দুদিনের বাংলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুদিনের ঝটিকা সফরের দ্বিতীয় দিনেও ঢালাও কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। তারপরেই দলের সাংসদ-বিধায়ক এবং রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে জেপি নাড্ডার। এরপর এদিন দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য পদাধিকারী এবং মণ্ডল সভাপতিদের নিয়ে বৈঠক সারবেন তিনি।

ইতিমধ্যেই, অভিমান ভুলে দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সভাপতির সফর এবং বৈঠকে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। তাই, দলের বিক্ষুব্ধ শিবিরের কয়েকজনের সঙ্গে গোপন বৈঠকও করতে পারেন বলেই জানা গিয়েছে। বিকেলে মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে কলামন্দিরে বিশিষ্টজনদের নিয়ে সভায় উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। তারপরেই দিল্লি চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

উল্লেখ্য, বিধানসভা ভোটের পর থেকেই বিজেপিতে ভাঙ্গন অব্যাহত। দলের অন্দরে অবিশ্বাসের বাতাবরণ। একে একে দল ছাড়ছেন অর্জুন সিং সহ দলের হেভিওয়েট নেতারা। শুভেন্দু-সুকান্ত এবং অমিতাভ-র নেতৃত্বে বিক্ষুদ্ধ অনেকেই। তারই মধ্যে কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলায় সংগঠনকে চাঙ্গা করতেই নাড্ডার বাংলা সফর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author