সময় কলকাতা ডেস্কঃ বাংলা ও হিন্দি মিলিয়ে প্রসেনজিতের হাতে এখন বেশ কিছু ছবির কাজ রয়েছে। কয়েকটা ছবির কাজ ইতিমধ্যেই শেষ। যদিও বেশ কয়েকটা কাজের কথাবার্তাও চলছে। তবে এর পাশাপাশি তাঁর আরও একটি ইচ্ছে রয়েছে, ছবির পরিচালনা করার। জানা গিয়েছে ২০২৩ সালের মধ্যেই সেই ইচ্ছে পূরণ করতে চান তিনি। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামীর পরিকল্পনা হিসাবে হিন্দি ও বাংলা ছবি, সমানতালে দুটোতেই কাজ করবেন। সেই সঙ্গে ২০২২ সালের মধ্যে না হলেও, ২০২৩ সালের মধ্যে একটি ছবি পরিচালনা করবেন তিনি।

‘আয় খুকু আয়’ সিনেমায় দিতিপ্রিয়ার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। তাঁর মতে, ‘নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের এখনকার দিনে অভিনয় করার ভাষাই বদলে গিয়েছে। এরা চরিত্র নিয়ে ভাবে, বারে বারে রিহার্সাল করে। এমনকি কী করে সেই চরিত্রটাকে আরও বাস্তবসম্মত করে তোলা যায় সেটা নিয়ে ভাবে, আলোচনাও করে।’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পর্দার বাইরে তাঁর সঙ্গে দিতিপ্রিয়ার সম্পর্কের রসায়ন অনেকটা বাবা-মেয়ের মতোই।

এই মুহূর্তে প্রসেনজিতের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। চলতি বছর পুজোতেই মুক্তি পাচ্ছে দেব ও প্রসেনজিৎ অভিনীত কাছের মানুষ। অন্যদিকে, ঋদ্ধি সেন ও প্রসেনজিতের ‘ডাক্তার কাকু’ ছবিটির কাজও প্রায় শেষ। তবে মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। এছাড়াও প্রসেনজিৎ-এর হাতে বেশ কয়েকটি বাংলা ও হিন্দি ছবির কাজ রয়েছে।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত