Home » মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ হাইকোর্টের

মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্কঃ  মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় স্বস্তি পেল রাজ্য সরকার। সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। সোমবার মামলার রায় জানিয়ে, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর আরজি খারিজ করে দিল হাইকোর্ট।

উল্লেখ্য, ১৯৯১ সালে ওয়েস্ট বেঙ্গল মিল্ক প্রোডিউসারস ফেডারেশন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করে মেট্রো ডেয়ারি তৈরি হয়। সেই চুক্তিতে ফেডারেশনের শেয়ার ছিল ৪৭ শতাংশ, বোর্ডের ছিল ১০ শতাংশ এবং বেসরকারি সংস্থার শেয়ার ছিল ৪৩ শতাংশ। পরবর্তী কালে বোর্ডের ১০ শতাংশ শেয়ার সেই বেসরকারি সংস্থা কিনে নেয়।

বেশ কয়েক বছর আগে রাজ্য সরকার সাড়ে ৮৫ কোটি টাকার বিনিময়ে ৪৭ শতাংশ শেয়ার সেই বেসরকারি সংস্থাকে বিক্রি করে। পরে, সেই বেসরকারি সংস্থা মেট্রো ডেয়ারির ১৫ শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে প্রায় ১৭০ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে। অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ, শেয়ার হস্তান্তরে দুর্নীতি হয়েছে। তারপরেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সিবিআই তদন্তের দাবি জানান তিনি। সেই মামলার রায়েই সোমবার আদালত জানান, রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। স্বাভাবিকভাবেই আদালতের এই রায়ে স্বস্তিতে রাজ্য সরকার।

About Post Author