সময় কলকাতা ডেস্কঃ দুর্নীতি মামলার তদন্তে এবার কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে সিবিআই। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ সার্ভে পার্কে শান্তিপ্রসাদ সিনহার বাসভবনে ৫ সদস্যের সিবিআই প্রতিনিধি দল পৌঁছয়। বাড়িতে তল্লাশির পাশাপাশি শান্তিপ্রসাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা, এমনটাই সিবিআই সূত্রে খবর।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিপুল পরিমাণ টাকা শান্তিপ্রসাদ কোথায় লুকিয়ে রেখেছেন তা জানার জন্যেই বাড়িতে সিবিআই হানা দেয় বলেই খবর। পাশাপাশি, গুরুত্বপূর্ণ কোনও নথি হাতে পেতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এদিকে, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে সিবিআইয়ের ১১ সদস্যের প্রতিনিধি দল। সূত্রের খবর, প্রাথমিক স্তরে ২৬৯ জনের নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে নেমে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই, সল্টলেকের ডিরোজিও ভবনে উপস্থিত হয় সিবিআইয়ের দল। তবে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেসময় অফিসে উপস্থিত না থাকায় পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনটাই সিবিআই সূত্রে খবর।
অন্যদিকে প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের আইনজীবী। তারপরই মামলা দায়ের করছে রাজ্য। আগামী সপ্তাহে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি