সময় কলকাতা ডেস্ক: এক অনন্য নজির গড়ল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল। গলব্লাডার ক্যানসারে আক্রান্ত রোগিনীর সফল অস্ত্রোপচার করে জীবন ফিরিয়ে দিল এই হাসপাতাল।
পুরুলিয়া মফস্বল থানার ভুল গ্রামের বাসিন্দা ৪৭ বছরের শকুন্তলা পাণ্ডে। গত ৭ ই জুন তীব্র পেটে ব্যথা, বদহজম এবং গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন তিনি। চিকিৎসক পবন মণ্ডলের পরামর্শ মতো রিপোর্ট করার পর জানা যায় শকুন্তলা দেবীর গলব্লাডার ক্যানসারে আক্রান্ত। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা।

গলব্লাডার বা পিত্তথলির ক্যান্সার একটি বিরল ঘটনা। পিত্তথলিতে শুরু হওয়া কোষের অস্বাভাবিক বৃদ্ধির একটি অবস্থা পিত্তথলির ক্যান্সার নামে পরিচিত। কোষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পিত্তথলিতে একটি টিউমার তৈরি হয়। যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, এই কোষগুলি নিকটবর্তী টিস্যু এবং শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে শকুন্তলা দেবী ম্যালিগন্যান্ট হাইপারটেনশনেও ভুগছিলেন। তাই রক্তচাপ নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। প্রায় ৩ ঘন্টা ধরে চলে ল্যাপারোস্কপিক সার্জারি। অবশেষে সফল হয় অস্ত্রোপচার। চিকিৎসকদের টিমে ছিলেন ডঃ পবণ মণ্ডল, ডঃ সোমনাথ বিশ্বাস, ডঃ অনামিত্র মণ্ডল, ডঃ সোমরীতা পাল সহ ৪ জন নার্স। বর্তমানে সুস্থ শকুন্তলা দেবী। খুশি পরিবার।
যদিও, চিকিৎসক জানিয়েছেন বায়োপসি করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে কোন পথে এগোবে চিকিৎসা। কিন্তু, আপাতত বাড়ি ফিরতে পারবেন শকুন্তলা দেবী। শুধু দক্ষিণ ভারত নয়, চাইলে এরাজ্যও পারে চিকিৎসা জগতে উদাহরন সৃষ্টি করতে। সেটাই প্রমাণ করে দিল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল।


More Stories
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন