Home » কচি কচুপাতা দিয়ে চিংড়িমাছের পাতোড়া

কচি কচুপাতা দিয়ে চিংড়িমাছের পাতোড়া

সময় কলকাতা ডেস্ক: এটা মূলত পূর্ববঙ্গীয় সাবেকি রান্না, তবে সাহস করে রাঁধুন, গলা চুলকাবে না।

চিংড়িমাছ-এর পাতোড়া তৈরির উপকরণ

• কচি কচুপাতা
• খোসা ছাড়ানো চিংড়ি মাছ ২০০ গ্রাম
• নারকেল কোরা বাটা চার চা চামচ
• পোস্ত দুই চামচ
• কালো সর্ষে এক চামচ
• কাঁচা লঙ্কা বাটা
• পাতিলেবু অর্ধেকটা
• সর্ষের তেল চার চামচ
• হলুদ এক চিমটে
• নুন স্বাদ অনুযায়ী

পদ্ধতি

প্রথমে কচুপাতা কুচিয়ে নিতে হবে তারপর জল ফুটে উঠলেই তাতে একচিমটি নুন দিয়ে কুচোনো কচুপাতা দিয়ে লেবুর রস দিয়ে কিছু সময় নেড়ে দিতে হবে। মিনিট পাঁচেক ঢেকে রেখে দিন।লেবুর রসটা মিশে যাবে জলে ফলে গলা চুলকাবে না। ওই জল থেকে কচুপাতাটা তুলে নিয়ে জলটা ছেঁকে ফেলতে হবে। চিংড়ি মাছে নুন, হলুদ, মাখিয়ে এক চামচ তেল দিয়ে ভেজে নিন। ওই ভাজা চিংড়িতে নারকেল বাটা, সর্ষে-পোস্ত-কাঁচা লঙ্কাবাটা অল্প তেল দিয়ে মাখিয়ে রাখুন।

চিংড়িমাছ ভাজার বাকি তেলের মধ্যে আবার এক চামচ তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে নিতে হবে। মাখানো চিংড়িগুলো দিয়ে দিতে হবে। মাঝেমাঝে নেড়ে দিতে হবে। কিছুসময় রান্না হওয়ার পর জল ঝড়ান কচুপাতা দিয়ে দিতে হবে। তারপর এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে উনুন থেকে নামিয়ে ঢেকে রাখুন। পরে গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়িমাছ-এর পাতোড়া।

About Post Author