সময় কলকাতা ডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় চতুর্থদিন রাহুল গান্ধীকে তলব ইডি-র। সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি। সূত্রের খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তির মালিকানা বদল নিয়ে সেভাবে কোনও উত্তর দিতে পারেননি রাহুল। এ ব্যাপারে গত সপ্তাহে টানা তিনদিন প্রায় ৩০ ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রাহুল গান্ধি। তবে, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার ফের তলব করা হয় কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। কিন্তু মায়ের অসুস্থতার কারণে তিনি ১৯ তারিখ পর্যন্ত ছুটির আর্জি জানান। রাহুলের আর্জি মেনেই ২০ জুন ফের তলব করা হয় রাহুল গান্ধীকে।
এদিকে, অগ্নিপথ আন্দোলনকে সমর্থন জানিয়ে সোমবার যন্তরমন্তরে সত্যাগ্রহে বসেছেন কংগ্রেস নেতারা। রবিবার থেকেই ধর্না দিতে শুরু করেন তাঁরা। পুলিশি ধরপাকড় ঘিরে রাজধানীর রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীকে আটক করে পুলিশ। ব্যারিকেড তৈরির পাশাপাশি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাহুল গান্ধীর বাড়ির বাইরেও মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়।
অন্যদিকে কৃষি আইন প্রত্যাহারের প্রসঙ্গ তুলে এবার অগ্নিপথ বিতর্কেও মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ৮ বছর ধরে বিজেপি সরকার ‘জয় জওয়ান জয় কিষাণ’-কে অপমান করেছে বলে অভিযোগ জানান তিনি। ট্যুইটারে রাহুল লেখেন, ‘আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ঠিক একইভাবে যুবসম্প্রদায়ের কথা মেনে অগ্নিপথও প্রত্যাহার করতে হবে।’

উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে। তবে, রাহুল গান্ধির এটা চতুর্থ তলব। এর আগেও ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে সেসময় তিনি হাজিরা দিতে পারেননি। তারপরেই চিঠি লিখে ইডির কাছে ফের সময় চান তিনি। ১৩,১৪ এবং ১৫ জুন হাজিরা দেন রাহুল। আগামী ২৩ জুন হাজিরা দেওয়ার কথা রয়েছে সোনিয়া গান্ধীরও।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর