Home » হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশ অধিকারী

হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশ অধিকারী

সময় কলকাতা ডেস্ক: রাজ্যের ২১৮টি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। সে তালিকায় জ্বলজ্বল করছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রী পরেশ অধিকারীও। কোচবিহার হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ার‌ম্যান নিয়োগ করা হয় পরেশ অধিকারীকে।

এদিকে, কিছুদিন আগেই কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছিল নির্মল মাজিকে। তার জায়গায় নতুন চেয়ারম্যান হন বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। এবার নির্মল মাজিকে হওড়ার আমতা গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। অন্যদিকে, বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল আর নাকরাকোন্ডা গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পশ্চিম বর্ধমানের বল্লভপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। দক্ষিণ ২৪ পরগণা নলমুড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী।

উল্লেখ্য, রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ের দেখাশোনা করে থাকেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এমনকী হাসপাতালের যাবতীয় সুবিধা, অসুবিধা দেখাশোনার দায়িত্বেও থাকেন তিনি।

About Post Author