Home » রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পেশ বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পেশ বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার

সময় কলকাতা ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের  মনোনয়ন পেশ করলেন বিজেপি বিরোধী জোটের প্রার্থী অটল জমানার  মন্ত্রী ও প্রাক্তন আমলা যশবন্ত সিনহা । আজ বেলা একটার সময় মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ছিলেন সিপিআইএমের সীতারাম ইয়েচুরি,জম্মু কাশ্মীর ন্যাশানাল কনফেরেন্সের ফারুখ আবদুল্লা, আর এল ডি-র জয়ন্ত সিনহা,ডিএম কে-র এ রাজা, সিপি আই-এর ডি রাজা এবং তেলেঙ্গানার মন্ত্রী ও নেতা কে টি রামা রাও।

৮৪ বছরের যশবন্ত সিনহার সঙ্গে এর আগে শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীকে বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার কথা উঠলেও রাষ্ট্রপতি পদ প্রার্থী হতে অস্বীকার করেন তাঁরা। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহার নাম প্রস্তাব করে করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেই জল্পনা সত্যি করেই যশবন্ত সিনহা-কে প্রার্থী করা হয় বিরোধীদের তরফে।

তবে, দুটি  বিরোধী দল – আম আদমি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা – মনোনয়নের জন্য তাদের প্রতিনিধি পাঠায়নি। এদিকে দুটি বড় অ-বিজেপি দল – মায়াবতীর বিএসপি এবং ওড়িশার বিজেডি রাষ্ট্রপতি নির্বাচনের উপজাতি প্রার্থী দৌপদী মুর্মুকে সমর্থন করেছে৷ নির্বাচিত হলে দ্রৌপদী মুর্মু হবেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। যশবন্ত সিনহা তাঁর মনোনয়নপত্র রাজ্যসভার মহাসচিব পিসি মোদির কাছে পেশ করেন, যিনি রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসারও। 

 

About Post Author