সময় কলকাতা ডেস্কঃ ফের রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫২৪ জন। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে পাঁচশোরও বেশি পেরিয়ে গিয়েছে। করোনা নিয়ে আশঙ্কায় বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। রাজ্যে ফের নতুন করে সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা বিধির ওপরেও জোর দেওয়া হবে।
রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড টিকা না নিলে এবং সামান্য উপসর্গ থাকলে কোভিড বিধি মানতেই হবে। এমনকী প্রকাশ্যে দৈনন্দিন কাজও করতে পারবে না সেই ব্যক্তি। করোনা সংক্রমণের কারণে ফের টিকাকরণের ওপরও জোর দিয়েছে রাজ্য। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কথা বলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্মী, কোভিড যোদ্ধাদের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে।

হাইপারটেনশন, ডায়াবেটিস, লিভার, কিডনি, হার্টের সমস্যা থাকলে প্রিকশন ডোজ় নিতেই হবে। এমনই বলা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়।
রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, রাস্তাঘাটে চলাচলের সময় মাস্ক পরতেই হবে। সামাজিক দূরত্ববিধি মানতেই হবে। বারবার হাত পরিষ্কার করার নির্দেশও দেওয়া হয়েছে। বাজার, গণপরিবহণ, শপিং মলে হাত স্যানিটাইজ করতে হবে। শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থউ রাখতে হবে।
ইতিমধ্যেই অতিমারি নিয়ে রাজ্যের হাসপাতালগুলিতেও নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কোভিড পরীক্ষার ব্যবস্থা না থাকলেও রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে না। অন্য কোনও রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর কোভিড পরীক্ষার প্রয়োজন নেই। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর জানিয়েছেন, ‘আমরা প্রস্তুত আছি। সাধারণ মানুষ যাতে করোনা বিধি মেনে চলেন, সেই আবেদন করছি।‘


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?