সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের পশ্চিমাঞ্চলে জেলাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান সরকারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে যে শুধুমাত্র মেদিনীপুর জেলার রোগীরাই চিকিৎসার জন্য আসেন, তা কিন্তু নয়। ঝাড়খন্ড থেকেও অনেক রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন এই মেদিনীপুর মেডিকেল কলেজে। প্রতিদিন হাজার হাজার রোগীর ভিড় এই হাসপাতালে। অথচ হাসপাতালের পরিষেবা নিয়েই রয়েছে অসন্তোষ। কেননা হাসপাতালে গেলেই দেখতে পাওয়া যাবে রোগীর আত্মীয় পরিজনেরা রোগীকে নিজেরাই বহন করেই এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। চারিদিকে তাকালেও খুঁজে পাবেন না কোন এটেনডেন্টের। আর স্টেচার? তার তো দেখা মেলাই ভার। কিছু স্টেচারের দেখা পাওয়া গেলেও তাদের অবস্থা ভগ্ন প্রায়। স্টেচার না থাকার কারণে প্রতিদিন স্টেচার ছাড়াই অসহায় রোগীর পরিবারের লোকেরা টেনে হিঁচড়ে কাঁধে বা কোলে নিয়ে রোগী ভর্তি করছে হাসপাতালে। সব জেনেও উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতালে সত্যিই কি স্টেচার নেই? তা কিন্তু নয়, স্টেচার পাবেন যদি নিজের গাঁটের থেকে টাকা খরচ করেন। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন হাসপাতালে থাকা কোন জিন আপনার কানে কানে ফিসফিস করে বলে যাবে ৫০ টাকা দিন স্টেচার পাবেন। ব্যস, টাকা দিলেই স্টেচার হাজির। এমনভাবেই সমগ্র হাসপাতাল চত্বরজুড়ে দালাল রাজ কায়েম রয়েছে। এর আগেও এই হাসপাতালে দালাল রাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। কয়েক কোটি মূল্যের অপারেশন টেবিলে থাকা সি আর্ম মেশিন পরিকল্পিতভাবে খারাপ করে দেওয়ার অভিযোগ উঠেছিল হাসপাতালের একদল কর্মীদের বিরুদ্ধে। মেদিনীপুরের প্রশাসনিক সভায় বিধায়ক দীনেন রায় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছিলেন কেউ বা কারা এই মেশিনকে ষড়যন্ত্র করে খারাপ করে দিয়েছে, যাতে হাড়ের অস্ত্র পাচার হাসপাতালে না হয়ে নার্সিংহোমে হয়। জানা গিয়েছে, সেই দালালচক্র বন্ধ হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে খবর যাওয়ার পর। কিন্তু এবার স্টেচার নিয়ে দালাল চক্র সক্রিয় হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে রোগীর পরিবার।
হাসপাতালে আগত রোগীর পরিবারের সদস্য নিরাপদ মাহাতো-র অভিযোগ,হাসপাতালে দালালচক্র ৫০ টাকার বিনিময়ে স্টেচার দিচ্ছে। এই দালাল চক্র বন্ধ হোক। যদিও পুরো বিষয়টি মানতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। চিকিৎসা পরিষেবার আধুনিকীকরণ হয়েছে বলেই দাবি তার। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এই আশ্বাস বাস্তবে কবে পরিণত হয় সেটাই এখন দেখার বিষয়। নাহলে প্রতিদিন হাজার হাজার রোগী এবং রোগীর আত্মীয়-স্বজনকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয় !


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু