Home » মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন তুলেই সরানো হল বিবেক সহায়কে

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন তুলেই সরানো হল বিবেক সহায়কে

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয়ে অনুপ্রবেশের চেষ্টা। প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় এবার ডিরেক্টরেট জেনারেল অফ সিকিউরিটির পদ থেকে সরিয়ে দেওয়া হল বিবেক সহায়কে। সেই জায়গায় এই পদে দায়িত্ব দেওয়া হল সিনিয়র অফিসার পীযূষ পাণ্ডেকে। এতদিন পীযূষ পাণ্ডে কারেকশনাল সার্ভিসের এডিজি পদের দায়িত্বে ছিলেন। তবে এখন তাঁকে ডিরেক্টর জেনারেল অফ সিকিউরিটি পদের দায়িত্ব দেওয়া হল। এদিকে বিবেক সহায়কে রাজ্যের ডিজিপি পদে বদলি দেওয়া হল। বুধবারই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা ঘোষণা করা হয়েছে।

বুধবার পুলিশের শীর্ষ পদস্থ পদে বেশকিছু রদবদল করা হয়েছে। নীরজ কুমার সিং রাজ্যের প্রশাসনিক এডিজি পদ থেকে পাঠানো হল হোম গার্ডের এডিজি পদে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে ডিরেক্টর অফ সিকিউরিটি পদে নিয়ে আসা হয়। পাশাপাশি আর. রাজাশেখরনের দায়িত্ব বাড়ানো হয়। অন্যদিকে, ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে নিয়ে আসা হয়েছে অজয় ঠাকুরকে। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ যাদব এবং সি সুধাকরকেও।

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এক ব্যক্তি। তারপর সারারাত মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরেই বসে থাকে সে। পরদিন সকালে রড হাতে ওই ব্যক্তিকে ধরে ফেলে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীরা। এরপরই তাকে তুলে দেওয়া পুলিশের হাতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হাফিজুল মোল্লা নামে ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বাসিন্দা। তবে কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে রেখে জেরা করছে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে সিট গঠিত হয়েছে। যদিও হাফিজুল মানসিকভাবে সুস্থ নয় বলেই দাবি তার পরিবারের সদস্যদের।

About Post Author