Home » কুরুচিকর মন্তব্যের জের, থানায় অভিযোগ দিলীপের বিরুদ্ধে

কুরুচিকর মন্তব্যের জের, থানায় অভিযোগ দিলীপের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুব নেতা কুণাল ঘোষ। ইকো পার্ক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে, এই প্রথম নয়, অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে দিলীপ ঘোষের নাম ।

 

মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন ‘বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। বাবা-মায়ের ঠিকানা নেই নাকি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন, এটা হয় নাকি?’ তাঁর এই মন্তব্য নিয়ে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল।

 

অন্যদিকে এহেন মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘আজ ভারতের জন্য খুব দুঃখের দিন। ভারতীয় জনতা পার্টি ও তাদের লিডার দিলীপ ঘোষ ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারীবিদ্বেষী কথাবার্তা বলছেন, অপমান করছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিলীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।‘ পাশাপাশি দিলীপ ঘোষের এই মন্তব্যের পালটা সুর চড়িয়েছেন বাবুল সুপ্রিয়ও। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট শেয়ার করে লেখেন, ‘দিলীপ ঘোষ ভারবল ডায়ারিয়ায় ভুগছেন। ওঁর জন্য করুণা হয়। বিজেপি থাকাকালীনও বিভিন্ন সময় আমি ওঁর সমালোচনা করেছি, ওঁর মন্তব্যকে ্প্রশ্রয় দিইনি। সমাজের জন্য একটা কলঙ্ক।‘

About Post Author