Home » আমলিং লা পাস জয় করে বিশ্ব রেকর্ড তারকেশ্বরের সবিতার

আমলিং লা পাস জয় করে বিশ্ব রেকর্ড তারকেশ্বরের সবিতার

সময় কলকাতা ডেস্কঃ স্বপ্ন ছিল কোন পাহাড়ের উপর উঠে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলবে আমিও পারি। স্বপ্ন আর বাস্তবে অনেক সময়ই ফারাক হয়। আর কিছু কিছু মানুষ আছে যারা তার নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য অদম্য জেদ নিয়ে লড়াই চালিয়ে যান। তেমনি একজন তারকেশ্বরের ভঞ্জিপুর গ্রামের সবিতা মাহাতো।

বিশ্বের উচ্চতম মিটারেবল পাস আমলিং লা পাস জয় করে বিশ্বের প্রথম মহিলা সাইকেলিস্ট-এর খেতাব জিতে নিলেন সবিতা। ছোটবেলা থেকে খেলাধুলা অন্তপ্রাণ সবিতা। স্কুলে পড়ার সময় থেকেই ভলিবল খেলতে ভালোবাসে, তিনবার জাতীয় স্তরে ভলিবল চ্যাম্পিয়নও হন তিনি। কিন্তু মাথার ভেতর ঢুকে ছিল অ্যাডভেঞ্চারের নেশা। আর নেশার জন্ম হয়েছিল ভূগোল পড়ার সময় থেকেই। ভূগোল বইয়ে পাহাড়ের ছবি দেখেই স্বপ্নের জন্ম হয়েছিল। স্বপ্ন ছিল দুর্গম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বিশ্বকে হাতের মুঠোয় নেওয়ার। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে থাকে বিস্তর ফারাক।

সবিতার এই স্বপ্নের কথা শুনে এগিয়ে আসেন বাবা সামান্য মাছ ব্যবসায়ী চৌহান মাহাতো। শুরু হয় এক দরিদ্র পরিবারের বাবা ও মেয়ের অসম লড়াই। নেট ঘেঁটে হাওড়ার পর্বতারোহী ছন্দা গায়েনের সঙ্গে যোগাযোগ করে সবিতা, তার পরামর্শ মত সবিতা ভর্তি হয় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। প্রশিক্ষণ শেষে বেরিয়ে পড়েন স্বপ্নপূরণের উদ্দেশ্যে। একে একে ৭ টা শৃঙ্গ জয়। কখনো বেটি পড়াও বেটি বাঁচাও আবার কখনো গঙ্গা মিশনের বার্তা নিয়ে সাইকেলে করে ঘুরে বেরিয়েছেন দেশের ২৯টা রাজ্যে।

২০২১ এ ট্রান্স হিমালয়া জয় করে শ্রুতি দাউদের সাথে যুগ্মভাবে দেশের প্রথম মহিলা সাইকেলিস্টের খেতাব অর্জন করে সবিতা। চলতি বছরের ৫ই জুন দিল্লি থেকে সাইকেল নিয়ে আমলিং লা পাসের উদ্দেশ্যে রওনা হন। ২৮শে জুন বিশ্বের উচ্চতম মেটারেবেল পাস আমলিং লা জয় করে বিশ্বের প্রথম মহিলা সাইকেলিস্টের খেতাব জয় করেন সবিতা। সবিতার পরবর্তী স্বপ্ন এভারেস্ট জয়। আর তার জন্য দরকার স্পনসরের। হতদরিদ্র পরিবার থেকে এভারেস্টের চূড়া। মাঝে অন্তরায় শুধু অর্থ আর স্পনসর। বুকে আছে অপার সাহস, অদম্য ইচ্ছা আর জেদ। এখন স্পনসর পেলেই, এভারেস্ট জয়ের স্বপ্ন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

About Post Author