সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ জুলাই। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ১৬১ তম জন্মদিন। যে সমাজে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো তো দূরস্থান, শিক্ষিত হওয়ার কোনও অধিকার ছিল না, সেই সমাজে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন দমকা বাতাসের মতো। এদেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েটই শুধু নন, কাদম্বিনী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা ডাক্তার, যিনি সেই সময় দাঁড়িয়ে ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে এসেছিলেন। তাও একটা নয়, তিনটি।
কাদম্বিনীর জন্ম হয় ১৮৬১ সালে। তাঁর বাবা ব্রজকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের হেডমাস্টার। তিনি ছিলেন ব্রাহ্ম এবং নারীশিক্ষায় অত্যন্ত উৎসাহী। সেখানে তিনি নারীমুক্তির জন্য ‘ভাগলপুর মহিলা সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। কলকাতার হিন্দু মহিলা বিদ্যালয় থেকে ১৮৭৮ সালে তিনি এন্ট্রান্স পাশ করেন। তারপর ভর্তি হন বেথুন কলেজে। সেখানে পড়াশোনা করেন বিজ্ঞান নিয়ে। স্নাতক হন ১৮৮২ সালে। তাঁরই সঙ্গে গ্র্যাজুয়েট হন আরও এক বাঙালি মহিলা চন্দ্রমুখী বসু।
সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে ১৮৮২ সালে কাদম্বিনী ভর্তি হন মেডিক্যাল কলেজে। তখন শুধু রক্ষণশীল সমাজই নয়, তাঁর বিরোধিতা করতে থাকে মেডিক্যাল কলেজের টিচিং স্টাফও। বঙ্গবাসী কাগজে তাঁর মাথা নত করে দেওয়ার জন্য অত্যন্ত কুরুচিকর কার্টুন প্রকাশ করে দেখানো হয়েছিল, কাদম্বিনী তাঁর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের নাকে দড়ি বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন। তার নীচে লেখা ছিল কুরুচিকর নানা মন্তব্য।
বঙ্গবাসী কাগজের সম্পাদক মহেন্দ্রলাল পালের এই অসভ্যতাকে মোটেই প্রশ্রয় দেননি কাদম্বিনীদেবী বা তাঁর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। আদালতে অভিযোগ জানান তাঁরা। বিচারে মহেন্দ্রবাবুর ছ’মাসের জেল এবং একশো টাকা জরিমানা হয়। একটি মেয়ের এরকম সাহস রীতিমত তোলপাড় ফেলে দেয় সমাজে।

কাদম্বিনী ডাক্তারি পাশ করেন ১৮৮৬ সালে। তিনি এবং আনন্দী গোপাল জোশী প্রথম ভারতীয় মহিলা ডাক্তার, যাঁরা ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন। এরপর কাদম্বিনী ইংল্যান্ডে পাড়ি দেন। এলআরসিএস এবং জিএফপিএস ডিগ্রি লাভ করেন। বিলেত থেকে ফিরে জনসেবায় মন দেন বিদুষী, অকুতোভয় এই নারী। চিকিৎসা করার জন্য ছুটে যেতেন গ্রামান্তরে। ১৮৮৯ সালে তিনি এবং স্বর্ণকুমারী বসু যুগ্মভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বাংলার প্রতিনিধিত্ব করেন। সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় অ্যানি বেসান্তের। যোগ দেন স্বাধীনতা আন্দোলনে।


More Stories
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা