টাকার লাগাতার পতনে অশনি সংকেত। ডলার প্রতি টাকার দাম আশি টাকা ছাড়াল ।
সময় কলকাতা ডেস্কঃ
আশঙ্কা আগেই ছিল। সেই আশঙ্কা সত্যি করে ফের রেকর্ড পতন টাকার। মঙ্গলবার বাজার খোলার পরই ডলার প্রতি টাকার দাম নামল ৮০ টাকা ০৫ পয়সায়। শেষ রেকর্ড অনুযায়ী দাম ছিল ৮০ টাকা ০২ পয়সা। জানা গিয়েছে, চলতি বছরের ২৬ এবং ২৭ জুলাই বাজারের এহেন হাল হকিকত নিয়ে বৈঠকে বসতে চলেছে আমেরিকার ফেডারেল রিজার্ভ তথা দ্য ফেড। এই মুহূর্তে সেই বৈঠকের দিক তাকিয়ে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও। এমনকী তাঁরা সুদের হারও বৃদ্ধির কথা চিন্তাভাবনা করছে। পাশাপাশি এই মুদ্রাস্ফীতির জেরে ভারতীয় অর্থনীতিতে কী প্রভাব পড়তে চলেছে, সেদিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরাও।
প্রসঙ্গত লাগাতার ৭ বার রেকর্ড পতন ঘটল টাকার। ২০২২ সালেই এই টাকার দামে মোট ৭ শতাংশ পতন ঘটেছে। সোমবার বেশ কিছুটা সময়ের জন্য ৮০র অঙ্কে নেমে গিয়েছিল টাকার দাম। কিন্তু বাজার বন্ধের আগে ফের ৭৮ টাকা ৯৮ পয়সায় পৌঁছে যায় টাকার দর। কিন্তু মঙ্গলবার ফের বাজার খোলার সঙ্গে সঙ্গেই রেকর্ড পতন ঘটল। স্বাভাবিকভাবে বিদেশি বিনিয়োগকারীরা ভারত-বিমুখ হতে চলেছে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, চলতি বছরে ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২ হাজার কোটিরও বেশি ডলার তুলে নিয়েছেন।

অন্যদিকে সোমবার থেকেই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। সেই অধিবেশনে লোকসভার কক্ষে লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, শেষ ৮ বছরে ভারতীয় টাকার দাম পড়েছে ২৫ শতাংশ। ২০১৪ সালে ভারতীয় মুদ্রায় এক ডলারের দাম যা ছিল, ২০২২ সালে অন্তত ১৬ টাকা ৮ পয়সা দাম বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে সেই ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৭৯ পয়সা। ২০১৯ সালের শেষ লগ্নে দেখা যায় ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৭০-র গণ্ডি ছাড়িয়েছে। করোনা পরিস্থিতির পর ডলারের মূল্য ৭০ অঙ্কের আশপাশে ছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে কার্যত মন্দার মুখ দেখছে ভারতীয় মুদ্রা বাজার। লাগাতার কমছে ভারতীয় মুদ্রার দাম।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্ব অর্থনীতি গভীরভাবে প্রভাবিত হয়ে উঠছে। এই আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সঙ্কটের কারণে বিশ্বব্যাপী মুদ্রার ৪ থেকে ৭ শতাংশের পতন ঘটেছে, যা সামগ্রিক অর্থবাজারকেই প্রভাবিত করে তুলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার মধ্যে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে ভারতীয় মুদ্রা একইভাবে ৪ শতাংশের অবমূল্যায়নের সম্মুখীন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই অর্থসঙ্কটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এখন সেটাই দেখার।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার