সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। ফের মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান মিলেছে কেরলে। এই নিয়ে কেরলে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেই জানা গিয়েছে। যার জেরে এবার কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত বিমানবন্দর এবং বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ ফেরত যাত্রীদের এখন থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে এই সতর্কতা মূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে। দেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক মাঙ্কি পক্স নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা সকলকে মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের আঞ্চলিক দফতরের প্রধানরা, বিমানবন্দর এবং বন্দরের স্বাস্থ্য আধিকারিকরা সোমবার মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকের পরই কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সোমবার কেরলে মাঙ্কিপক্সে দ্বিতীয় আক্রান্তের সন্ধান মিলেছে। কন্নুরের পারিয়ারাম মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন তিনি। আক্রান্তের বয়েস ৩১ বছর। জানা গিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। এর আগে কেরলে আরব আমিরশাহি ফেরত আরও এক ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হন। যদিও হু আশ্বাস দিয়েছে, মাঙ্কিপক্স কোভিডের আকার নেবে না। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বলা হয়েছে, কোনও ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গেলে ২১ দিন তাঁর উপর নজরদারি চালাতে হবে।

প্রসঙ্গত, এর আগেও আফ্রিকার ৯টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স পাওয়া গেলেও বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন স্পেন ও পর্তুগাল থেকে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু