সময় কলকাতা ডেস্কঃ
বিগত দু-বছরের তুলনায় এবার ২১ জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসে ভিড় বাড়বেই। কলকাতা পুলিশ বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। বিশেষ দিনটির নিরাপত্তা ঘিরে কলকাতা পুলিশের নীল নকশার কাজ শেষ।

মহামারীর রেশ কিছুটা কাটিয়ে দীর্ঘ দুবছর পর ফের ২১ জুলাই, শহিদ দিবস পালন করবে তৃণমূল। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার অর্থাৎ ২১ জুলাই ধর্মতলার সভাস্থল ঘিরে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার মোট ২১ ঘণ্টা কলকাতায় যান নিয়ন্ত্রণ করা হবে। ওইদিন ভোর ৪টে থেকে রাত ১টা পর্যন্ত বন্ধ থাকবে একাধিক রাস্তা। বৃহস্পতিবার আর্মহাস্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, বেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড,, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণিতে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। একাধিক জায়গায় রুট পরিবর্তন করে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলিকে। কোনও কোনও রুটে এবার একমুখী যান চলাচল করবে। ট্রাম দাঁড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ওইদিন ভোর ৩টে থেকে কলকাতায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশের দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। সেই তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি পাবলিক স্কুল। একটি নোটিশের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ ছুটির কথা ঘোষণা করেছেন। এছাড়াও ছুটি ঘোষণা করেছে ক্যালকাটা গার্লস স্কুল, ডন বস্কো, পার্ক সার্কাস, গার্ডেন হাই স্কুল ও সেন্ট জেমস স্কুল। ওই দিন স্কুলে পঠন পাঠন বন্ধ থাকলেও পরবর্তীতে অন্য কোনওদিন সিলেবাস শেষ করার জন্য ক্লাস নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ২ বছর করোনার কারণে ভারচুয়ালি পালিত হয়েছিল ২১ জুলাই। তবে এবছর অনেকটাই পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই প্রকাশ্যে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, এবছর ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে সারা রাজ্য থেকে কলকাতায় আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়। সোমবার সেই প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অন্তত ২০ হাজার জনের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে।।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!