Home » প্রধানমন্ত্রীত্ব কি ঋষি সুনকের নাগালে?

প্রধানমন্ত্রীত্ব কি ঋষি সুনকের নাগালে?

সময় কলকাতা ডেস্কঃ একের পর এক রাউন্ডে চিতার মত এগিয়ে চলেছেন। বিট্রেনের মসনদ দখল যেন সময়ের অপেক্ষা। পঞ্চম দফার গণনার শেষে ফ্রন্টফুটে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর প্রধান প্রতিপক্ষ লিজ ট্রুস। পঞ্চম রাউন্ডের ভোটাভুটি শেষে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন পেনি মরড্যান্ট। প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর এবার দলের নেতা ও ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার পদক্ষেপ শুরু করেছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনের প্রথম দফার গণনা থেকেই ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী অক্সফোর্ড প্রাক্তনী ঋষি সুনক এগিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিনবিদ চূড়ান্ত পর্বেও অবলীলায় পৌঁছে যেতে পারেন। আর তেমনটাই হয়ে চলেছে।

এখন প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে গেলে ঋষি সুনকের প্রয়োজন দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ সংসদে কনজারভেটিভ পার্টির যত জন সাংসদ রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থন পেলেই তাঁর এগিয়ে যাওয়ার লড়াইটা সহজ হয়ে উঠবে। বলাই বাহুল্য, ইতিমধ্যেই তিনি ১১৮ আইনসভার সদস্যের সমর্থন পেয়ে গেছেন।

কনজারভেটিভ দলের নেতা হিসেবে এখন পর্যন্ত পঞ্চম দফা পর্যন্ত যত ভোটাভুটি হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট, প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে দৌড়ে এগিয়েই রয়েছেন ইনফোসিসের কর্তা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক। যদিও এবারের লড়াই আরও কঠিন হতে পারে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীর। কারণ এবার শুধু সাংসদই নয়, কনজারভেটিভ পার্টির সমস্ত সদস্যদের মত গ্রহণ পর্ব শুরু হবে। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, দলের বেশিরভাগ সদস্যদের সুনকের জায়গায় লিজ ট্রুসকেই বেশি পছন্দ। ২৫ জুলাই মুখোমুখি হতে চলেছেন ঋষি সুনক ও লিজ ট্রুস। এরপরে আগামী ৫ সেপ্টেম্বরই জানা যাবে ঋষি সুনক ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হবেন কিনা।

About Post Author