সময় কলকাতা ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। শনিবার এমনটাই দাবি করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রিসভার বাকি যাঁরা অভিযুক্ত তাঁদেরকেও অবিলম্বে পদ থেকে সরাতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন,পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মান ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে সেই মান আরও নীচে নেমে গেল।‘
এদিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ জানান, আপাদমস্তক দুর্নীতিতে জড়়িয়ে গিয়েছে তৃণমূল। এর জন্য কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। সেলিমের অভিযোগ, সারদা-নারদা থেকেও কোনোরকম শিক্ষা হয়নি তৃণমূলের। তাই স্কুল সার্ভিস নিয়োগে দুর্নীতি করে রাজ্যের নাম আরও একবার পোড়ালেন তৃণমূল নেতারা।
উল্লেখ্য,গত কয়েকদিন ধরে চাপ বাড়ছিল রাজ্যের শিল্পমন্ত্রী চট্টোপাধ্যায়ের উপরে। এসএসসি নিয়োগ অনিয়ম মামলায় রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা চালায় ইডি। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরে রাত সাড়ে ১০ টা নাগাদ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে শিল্প মন্ত্রীর বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চলীয় এক কর্তা। অবশেষে প্রায় ২৬ ঘণ্টা জেরার পর শনিবার গ্রেপ্তার করা হয় তাঁকে।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই ধারণা ইডি-র। পাশাপাশি উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা সহ ২০ টি মোবাইল ফোন। যদিও তদন্তে অর্পিতার অসহযোগিতার অভিযোগও উঠেছে। ইতিমধ্যেই অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়েছে।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর