Home » দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা

সময় কলকাতা ডেস্ক: শনিবার ফের বাড়ল করোনার গ্রাফ। বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণের হার যেভাবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাতে চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী। ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ এবং মৃত্যহার। পাল্লা দিয়ে অ্যাকটিভ কেসের সংখ্যাও পেরোলো দেড় লক্ষের গণ্ডি। তবে কিছুটা কমেছে পজিটিভিটি রেট। এখনও উদ্বেগজনক পরিস্থিতি  কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যের।  এই পরিস্থিতিতে, ক্রমাগত সতর্ক বার্তা জারি করছে কেন্দ্র।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাক্রান্ত হয়েছেন ২১,৪১১ জন। দৈনিক পজিটিভিটি রেট ৪.৪৬ শতাংশ। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ১০০। ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭ জনের। দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৪ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।

পাশাপাশি রাজ্যেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন ৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২২৩৭ জন। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট ১৪.৪১ শতাংশ। দেশে পজিটিভিটি রেট কিছুটা কমলেও রাজ্যে এই গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ২০১ কোটি ৬৮ লক্ষের বেশী মানুষ।

About Post Author